দেখতে দেখতে ১০ বছর পার। ‘বালিকা বধূ’-খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর কিনারা আজও হয়নি! অভিনেত্রীর পরিবারের দাবি, প্রত্যুষাকে খুন করেছেন তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ। যদিও অভিনেতা রাজ সেই অভিযোগ নস্যাৎ করেছেন।
এতগুলো বছর কেটে যাওয়ার পরে সেই মামলার কী অবস্থা? আদৌ কি ন্যায় পেলেন প্রত্যুষা? প্রয়াত অভিনেত্রীকে ঘিরে এই প্রশ্ন কিন্তু এখনও রয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের মনে। সংবাদমাধ্যমে প্রকাশ, মুম্বইয়ের এক দায়রা আদালতে এখনও প্রত্যুষার মৃত্যু নিয়ে মামলা চলছে। এখনও দুই পক্ষ সেখানে আইনি লড়াই লড়ছেন।
২০১৬-র পয়লা এপ্রিল। হিন্দি টেলিভিশন দুনিয়াকে হতবাক করেছিল প্রত্যুষার মৃত্যুর খবর। মুম্বই পুলিশ জানিয়েছিল, অভিনেত্রীকে তাঁর গোরেগাঁও-এর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘরে ঝুলছিল তাঁর দেহ। খবর, তাঁর তৎকালীন প্রেমিক রাহুল সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ সেই সময় প্রত্যুষার মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করেছিল।
অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তের মোড় ঘোরে তাঁর মা-বাবার বয়ানে। তাঁদের দাবি, আত্মহত্যা নয়, খুন হয়েছেন তাঁদের মেয়ে। অভিযোগ, প্রত্যুষাকে খুন করেছেন তাঁর একত্রবাস সঙ্গী রাহুল। অভিনেতা যদিও দাবি করেন, তাঁকে প্রত্যুষার পরিবার মিথ্যা অভিযোগে ফাঁসাতে চাইছে। কোনও ভাবেই তিনি প্রত্যুষার মৃত্যুর কারণ নন। এর পরেই রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) ধারায় মামলা রুজু হয়। আদালত যদিও সে সময় জানিয়েছিল, প্রাথমিকভাবে এটাই স্পষ্ট যে, রাহুলের ‘শারীরিক, মানসিক, আর্থিক হয়রানি ও শোষণ’-এর কারণেই ‘বালিকা বধূ’ অভিনেত্রী অবসাদে ভুগছিলেন।
‘বালিকা বধূ’ ছাড়াও প্রত্যুষার ঝুলিতে আরও একাধিক জনপ্রিয় কাজ রয়েছে। ‘অধুরি কহানি হমারি’ এবং ‘রক্ত সম্বন্ধ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস ৭’-এ অংশ নিতে দেখা গিয়েছিল প্রত্যুষাকে।