Advertisement
E-Paper

‘সঠিক সম্মান পেলে পারিশ্রমিক না নিয়েও কাজ করি’, প্রযোজককে মানহানির নোটিস পাঠালেন জীতু

খবর, প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন জীতু কমল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:২৩
আইনি পথে বিচার চান জীতু কমল।

আইনি পথে বিচার চান জীতু কমল। ছবি: ফেসবুক।

‘এরাও মানুষ’ ছবির প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন ছবির নায়ক জীতু কমল। আনন্দবাজার ডট কম-কে জীতুর কাউন্সিলর-আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রযোজককে নোটিস পাঠানো হয়েছে। অশালীন কথা, নানা হেনস্থার পর অভিনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন সাঁইপ্রকাশ। সেই কারণেই তিনি মামলা করেছেন। পাশাপাশি ফেডারেশনের কাছেও জীতু লিখিত অভিযোগ জানিয়েছেন।

মঙ্গলবার কোনও বক্তব্য না জানালেও বুধবার জীতু কথা বলেন আনন্দবাজার ডট কম-এর সঙ্গে। ক্ষুব্ধ অভিনেতা জানান, দীর্ঘ সময় পরে পরিচালনায় ফিরেছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। জীতুকে ভেবে ‘চোর’ গল্পটি লেখা। সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায়। তিনি কিন্তু এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। তাঁর কথায়, “সঠিক সম্মান পেলে পারিশ্রমিক না নিয়েও কাজ করি। অর্থ আমার কাছে সব নয়। অগ্নিদেবদার ছবিতে কিন্তু কোনও পারিশ্রমিক নিইনি। সেটা কাউকে জানতেও দিইনি।” জীতুর এই বক্তব্য সমর্থন করেছেন ছবির সংলাপ লেখিকা এবং অগ্নিদেবের স্ত্রী সুদীপা। তিনি বলেন, “সেটে জীতুকে একটু যত্নে রাখার চেষ্টা করেছি। ওর জন্য আমরা এটুকুই করেছি।”

জীতু এ দিন কথায় কথায় ক্ষোভ উগরে দেন। বলেন, “প্রযোজক-পরিচালক সাঁইপ্রকাশবাবু বলেছেন, আমি স্পটবয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার ফ্লোরে আসুন। একজন টেকনিশিয়ানও যদি আমার বিরুদ্ধে কথা বলেন বা ভুল কাজের উদাহরণ দিতে পারেন, তা হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।” তিনি আরও জানান, ‘এরাও মানুষ’ ছবিতে স্পটবয় তাঁর নিজস্ব ছিল। ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন তিনি। বাকিটা আদালত এবং ফেডারেশনের উপরে ছেড়ে দিয়েছেন জীতু। অভিনেতার পাল্টা অভিযোগ, “এ ভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না। অভিনেতারা বরাবর ‘সফট টার্গেট’ বলে দিনের শেষে তাঁদেরই আক্রমণ করা হবে, এটা এ বার শেষ হওয়া দরকার। জীতু কমল নামটা বিক্রি হয়, খবরের কাগজের শিরোনাম হয় বলে আমাকে ভাঙিয়ে এ ভাবে ছবির প্রচার করবেন প্রযোজক, এটা হতে পারে না।”

নাম না করে জীতু অনুযোগ জানান তাঁর সহ-অভিনেতাদের বিরুদ্ধেও। জানান, অভিনেতাদের থেকে তিনি আর কিছুই আশা করেন না। কারণ, অভিনেতারা কখনও একজোট হয়ে প্রতিবাদ জানান না। তবে আগামী দিনে কোনও অভিনেতা সত্যিই তাঁর মতো কোনও সমস্যায় পড়লে তিনি তাঁর পাশে থাকবেন, এমনও আশ্বাস দিয়েছেন জীতু।

Jeetu Kamal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy