এই প্রথম জন্মদিনে মায়ের হাতের পায়েস খাওয়া হল না, আক্ষেপের সুরে জানিয়েছিলেন অভিনেত্রী দোলন রায়। কয়েক দিন আগেই গিয়েছে অভিনেত্রীর জন্মদিন। স্বামী দীপঙ্কর দে জানিয়েছিলেন, মন ভাল নেই। তাই দোলনের জন্মদিনে বিশেষ কোনও উদ্যাপনের পরিকল্পনা করেননি তাঁরা। এখন কেমন আছেন অভিনেত্রীর মা?
দোলন জানিয়েছেন, গত কয়েক দিন খুবই চিন্তার মধ্যে কেটেছে তাঁদের। হাসপাতালে ভর্তি করানোর পরে আরও বেশিই যেন অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর মা। দোলন বলেন, “মায়ের হাই সুগার। সেই সঙ্গে প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হয়েছিল।”
আরও পড়ুন:
অভিনেত্রীর মায়ের বয়স আশির বেশি। ফলে বার্ধক্যজনিত সমস্যা আছেই। এখন কেমন আছেন তিনি? অভিনেত্রী বললেন, “আগের চেয়ে অনেকটাই ভাল আছেন। বলা যেতে পারে সুস্থতার পথে। প্রথমে যে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানে সুস্থ হওয়ার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শে যে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে খুবই ভাল চিকিৎসা হয়েছে। আগের চেয়ে ভাল আছেন। মাকে জেনারেল বেডে রাখা হয়েছে। আশা করছি এক-দু’দিনের মধ্যেই মাকে বাড়ি নিয়ে আসতে পারব।” এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র শুটিং নিয়ে। কাজের সঙ্গে পরিবারের চিন্তা রয়েছে। এখন মাকে বাড়িতে এনে আরও যত্নে সুস্থ করে তোলাই তাঁর মূল লক্ষ্য।