‘দ্য কেরল স্টোরি’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অদা শর্মা। এই ছবির সঙ্গে জুড়ে ছিল ‘প্রোপাগান্ডা’ তকমা। অভিনেত্রীও কটাক্ষে জড়িয়েছিলেন। এখন নাকি সেই অদা শর্মার হাতে কোনও কাজই নেই। নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
কাজ নিয়ে এক প্রযোজকের সঙ্গে সমস্যার কথাও তুলে ধরেন সম্প্রতি। অদা জানিয়েছেন, একটি ছবির শুটিংয়ের সময়সূচি বার বার বদলানোর কারণে তিনি বিপাকে পড়েন। ওই নির্দিষ্ট ছবির জন্য নাকি তাঁর কাছে আসা অন্য ছবির প্রস্তাব তিনি গ্রহণ করতে পারেননি। সময় নিয়ে গোলমাল হওয়ায় তাঁর হাতে এখন কোনও কাজই নেই।
নাম উল্লেখ না করে অদা শর্মা দাবি করেছেন, ওই প্রযোজক বার বার শুটিংয়ের তারিখ বদলাচ্ছিলেন। এর ফলে তিনি যে অন্য দু’টি ছবির জন্য আগেই সময় দিয়েছিলেন, সেগুলোর সঙ্গে সমস্যা তৈরি হয়। শেষপর্যন্ত সেই কাজগুলিও তিনি হারান।
আরও পড়ুন:
অদা সমাজমাধ্যমের ভিডিয়োয় বলেছেন, “প্রযোজক বলেছিলেন, ‘যাই হোক না কেন, এই নির্দিষ্ট তারিখে আমার কাজ চাই।’ আমার আপ্তসহায়ক জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি নিশ্চিত?’ তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমি তারিখ নিয়ে নিশ্চিত। এগুলো বদলানো যাবে না।’” সেই মতোই অন্য দুই ছবির প্রযোজককে সময় দিয়েছিলেন অদা। কিন্তু পরে প্রথম ছবির প্রযোজক বেঁকে বসেন এবং জানান, আগে থেকে ঠিক করা তারিখে শুটিং করবেন না। যার জেরে অন্য দু’টি ছবির উপর প্রভাব পড়ে।
গত এক মাস ধরে অদা আর কোনও কাজ নিতে পারেননি বলে জানান। নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এখন আমি এক মাস ধরে পুরোপুরি কর্মহীন। মানসিক ভাবে, পেশাগত ভাবে এবং আর্থিক ভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছি।”