Advertisement
E-Paper

স্রেফ অভিনয় করেই সন্তুষ্ট নন আদিত্য রায় কপূর, এ বার কোন পেশার দিকে ঝুঁকছেন অভিনেতা?

বলিউডে প্রায় এক দশক আগে অভিষেক হলেও সম্প্রতি অভিনেতা হিসাবে মাটি খুঁজে পেয়েছেন আদিত্য রায় কপূর। চলতি বছরে মুক্তি পাওয়া ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ে প্রশংসিত হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৮:৫৯
Aditya Roy Kapur

আদিত্য রায় কপূর। ছবি: সংগৃহীত।

১০ বছর আগে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। যদিও তার আগেও বেশ কিছু ছবিতে ছোটখাটো কিছু চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘আশিকি ২’ ছবির মাধ্যমে ২০১৩ সালে অভিষেক আদিত্য রায় কপূরের। তার পরে একাধিক ছবিতে অভিনয় করলেও বড় পর্দায় তেমন ভাবে দাগ কাটতে না পারেননি আদিত্য। তবে সম্প্রতি নিজের প্রথম ওয়েব সিরিজ়েই নজর কেড়েছেন অভিনেতা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ টেলিভিশন সিরিজ় ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য নাইট ম্যানেজার’। ওই সিরিজ়ে তাঁর কাজ প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের। বলিউডে অভিষেকের প্রায় এক দশক পরে অবশেষে জমি খুঁজে পেয়েছেন আদিত্য।

তবে স্রেফ অভিনয়ের জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। খবর, অভিনয়ের পাশাপাশি এ বার গানের দিকেও নজর দিতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য জানান, গানবাজনা নিয়ে বরাবরই শৌখিন তিনি। অভিনয়ের পাশাপাশি তাই এ বার গান নিয়েও ভাবতে চান আদিত্য। অভিনেতা জানান, নিজের একটি অ্যালবাম তৈরি করতে আগ্রহী তিনি। সেই কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান আদিত্য। অভিনেতার কথায়, ‘‘আমি গত কয়েক বছর ধরেই গান লিখছি, সুর দিচ্ছি। আমি একা নই, আমার বেশ কিছু বন্ধুও রয়েছে এই অ্যালবাম তৈরির কাজে। আমার মনে হয় এ বার সেই গানগুলোকে প্রকাশ্যে আনার সময় হয়েছে।”

তবে কি এ বার ফারহান আখতারের মতো নিজের ছবিতেও গান গাইতে দেখা যাবে আদিত্যকে? অভিনেতা জানান, এই বিষয়ে ভাবনাচিন্তা থাকলেও তা বাস্তবে কখনও রূপায়িত হয়নি। আদিত্য বলেন, ‘‘পরিচালক মোহিত সুরির সঙ্গে ‘আশিকি ২’ ছবির কাজ চলাকালীন এই নিয়ে কথাও হয়েছিল। আমি শেষে স্টুডিয়োয় গিয়ে গান গেয়েওছিলাম। তবে সেই গান আর রেকর্ড করা হয়ে ওঠেনি।’’ আগামী দিনে অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো... ইন দিনো’ ছবিতে কি তবে গান গাইবেন আদিত্য? সেই সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না অভিনেতা।

Aditya Roy Kapur Ananya Panday Aashiqui 2 Bollywood Couple Bollywood Scoop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy