রামমন্দির হওয়ার পর থেকে অযোধ্যা হয়ে উঠেছে তাঁর অন্যতম পছন্দের জায়গা। তাই আরও এক বার অযোধ্যায় একটি জমি কিনলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে তিনি পঞ্চম বার অযোধ্যায় জমি কিনলেন। জানা যাচ্ছে, এই জমি আকারেও বিরাট। গত এক বছর ধরে জমি, বাড়ির উপর বিনিয়োগ করছেন বিগ বি। এ বারও বড় অঙ্কের জমি কিনলেন তিনি। অযোধ্যায় পর পর এত কোটি কোটি টাকার বিনিয়োগ! তবে কি সেখানেই অবসরজীবন যাপন করবেন? কৌতূহলী অনুরাগীরা।
রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এ বার ২.৬৭ একর জমি কিনলেন বিগ বি। যার মূল্য ৩৫ কোটি টাকা। ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’র মতো রিয়াল এস্টেট কোম্পানির কাছ থেকে এই নতুন সম্পত্তিটি কিনেছেন অমিতাভ। ‘দ্য সরযূ’ প্রকল্পের কাছে অবস্থিত অমিতাভের নতুন এই সম্পত্তি। উল্লেখ্য, রামমন্দির গড়ে ওঠার পর থেকে সেখানে এই নিয়ে পঞ্চম বার সম্পত্তি ক্রয় করলেন।
আরও পড়ুন:
এর আগে ২৫ হাজার বর্গফুটের একটি জমি কেনেন যেটি রামমন্দিরের খুবই কাছে ‘সরযূ’ নামের আবাসনে। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। ২০২৪-এর ২২ জানুয়ারি রামজন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। তার পর যে জমিটি কেনেন তার জন্য ৪০ কোটি টাকা খরচ করেছেন। এ বার ৩৫ কোটি খরচ করলেন।
রামমন্দির উদ্বোধনের সময় তিনি নিজেই জানিয়েছিলেন, এটি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার পীঠস্থান হতে চলেছে। যদিও বাকি জীবনটা অযোধ্যায় কাটাবেন কি না সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি অমিতাভ।