Advertisement
E-Paper

১৩ বার মনোনয়ন, তবু ঝুলিতে নেই পুরস্কার! এ বারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা?

এ বছরেও ভাগ্য প্রসন্ন নয় অনুষ্কাশঙ্করের উপরে! ১৩ বার তিনি আন্তর্জাতিক সম্মানের জন্য মনোনীত। অথচ সম্মান অধরাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭
অনুষ্কাশঙ্করের গ্র্যামি সম্মান অধরা।

অনুষ্কাশঙ্করের গ্র্যামি সম্মান অধরা। ছবি: সংগৃহীত।

এ বারেও অনুষ্কাশঙ্করের ভাগ্যে শিকে ছিঁড়ল না! বারবার ১৩ বার তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন। এ বছরেও ব্যতিক্রম ঘটেনি। খবর, ২০২৬-এর ৬৮তম গ্র্যামি মঞ্চও হতাশ করল তাঁকে! এ বছর তাঁর পরাজয় আর এক আন্তর্জাতিক তারকা ব্যাড বানির কাছে। ব্যাড বানির ‘ইওও’ এ বছরের গ্র্যামি সম্মান জিতে নিয়েছে।

অনুষ্ঠানের দিন দুই আগে থেকেই সাজ সাজ রব লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে। সেজে ওঠে মঞ্চ। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম পুরস্কার দেন সঙ্গীত পরিচালক-সঞ্চালক ড্যারেন ক্রিস। অনুষ্ঠানটিকে ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। এ বছর বিভিন্ন বিভাগে ৮৬টি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার ঘোষণার আগে অনুষ্কার বার্তা ছিল, “এ বছর দু-দুটো মনোনয়ন ঝুলিতে। গর্বিত আমার অ্যালবাম ‘চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইট’ এবং অ্যালবামটির প্রধান গান ‘ডেব্রেক’-এর মনোনয়নের জন্য। এগুলো আমার ১২তম এবং ১৩তম মনোনয়ন।” কিন্তু এ বছর তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুপস্থিত! তার কারণও স্পষ্ট জানিয়েছেন তিনি। অনুষ্কা লিখেছেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উত্তেজনা এবং মানসিক চাপের ঘূর্ণিপাকে আমি জড়াতে চাই না।” বদলে এ বছর তিনি ভারত সফরে ব্যস্ত। তাঁর মতে, পুরস্কারের চেয়েও দর্শক-শ্রোতার কাছে সঙ্গীতের মাধ্যমে পৌঁছোনো বেশি জরুরি।

অনুষ্কাশঙ্করের সঙ্গে গ্র্যামির মনোনয়ন পান শঙ্কর মহাদেবনও।

অনুষ্কাশঙ্করের সঙ্গে গ্র্যামির মনোনয়ন পান শঙ্কর মহাদেবনও। ছবি: সংগৃহীত।

অনুষ্কার পাশাপাশি ভারতের আরও এক শিল্পী এ বছর মনোনয়ন পান। ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে শঙ্কর মহাদেবনের ব্যান্ড ‘শক্তি’ তাদের ‘মাইন্ড এক্সপ্লোশন’ (৫০তম বার্ষিকী ট্যুর লাইভ) অ্যালবামের জন্য দু’টি মনোনয়ন পেয়েছিল। একই ভাবে ‘সায়ান’ অ্যালবামের জন্য একটি মনোনয়ন পান ইন্দো-আমেরিকান জ্যাজ় সুরকার ও পিয়ানোবাদক চারু সুরি। অনুষ্কা উপস্থিত না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর মহাদেবন। মনোনয়ন মেডেলের ছবি দিয়ে সঙ্গীত পরিচালক জানান, তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে সময়ে কাটিয়ে সুরকার সমৃদ্ধ।

অন্যান্য বিভাগে আর কারা পুরস্কৃত হলেন? খবর, ‘দলাই লামা’ অডিও বুকের জন্য ‘ন্যারেটিভ এবং স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে প্রথম গ্র্যামি জিতলেন রুফান ওয়েনরাইট। মঞ্চে পুরস্কার নিতে উঠে বিজেতার রসিকতা, ‘আমি দলাই লামা নই!”এই পুরস্কার তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বর্তমান সহ-বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনের থেকে এগিয়ে রাখল। এই মঞ্চে সম্মানিত হয়ে রুফান তাই গর্বিত। এ ছাড়া, জনপ্রিয় পপ অ্যালবাম 'কে-পপ ডেমন হান্টার্স'-এর 'গোল্ডেন' গানটি ‘ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে ‘সেরা গান’-এর পুরস্কার জিতেছে।

এ বছরের গ্র্যামি মঞ্চ পরিচালক স্টিভেন স্পিলবার্গের জন্যও বিশেষ। তাঁর ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ তথ্যচিত্র ‘সেরা সঙ্গীত’ বিভাগে পুরস্কৃত হয়েছে। এই সম্মান তাঁকে ‘ইগট’ তালিকাভুক্ত করল। এর আগে তিনি তিনটি সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার ‘এমি’, ‘অস্কার’, ‘টনি’ পেয়েছিলেন। অধরা ছিল গ্র্যামি।

Anushka Shankar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy