বছরভর যতই ব্যস্ততা থাকুক না কেন, বিশেষ দিনগুলোয় বলিতারকারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তা হোলি হোক, কিংবা দিওয়ালি বা ক্রিসমাস। উৎসব মানেই বড় আয়োজন। কেউ কেউ আবার নিজেদের বাড়িতেই হই-হুল্লোড়ের আয়োজন করেন। কেউ আবার শহর ছেড়ে নিজেদের খামারবাড়িতে গিয়ে উৎসবে মাতেন।
শাবানা আজ়মি এবং মণীশ মলহোত্রদের হোলির উদ্যাপন। ছবি: ইনস্টাগ্রাম।
চলতি বছরেও একই ছবি ধরা পড়ল মায়ানগরীতে। কেউ নিজেদের একরত্তিকে নিয়ে মাতলেন। আবার কোনও অভিনেতাকে মুখে রঙের প্রলেপের জেরে চিনতে পারাই মুশকিল হয়ে পড়ল। আট থেকে আশি সবাই ‘রঙিন’ হয়ে উঠতে ভালবাসেন। সেই আভাসই পাওয়া গেল শাবানা আজ়মির পোস্টে। মণীশ মলহোত্র থেকে ঊর্মিলা মাতণ্ডকর— একসঙ্গে রঙের খেলায় মাতলেন।
পরিবারের সঙ্গে রং খেলতে ব্যস্ত সোহা আলি খান। ছবি: ইনস্টাগ্রাম।
প্রতি বছরই জলরং নিয়ে মাতামাতি করতে দেখা যায় সোহা আলি খান এবং কুণাল খেমুকে। গত কয়েক বছরে সেই দলের নতুন সংযোজন হল তাঁদের একরত্তি মেয়ে ইনায়া খেমু। মা-বাবার সঙ্গেই জল আর রং নিয়ে হুল্লোড়ের মুহূর্তে ফ্রেমবন্দি ছোট্ট ইনায়া।
উৎসবের দিনে নেহা-অঙ্গদের খুনসুটি। ছবি: ইনস্টাগ্রাম।
একই সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়াও তাঁর স্বামী অঙ্গদ বেদী। ছেলেমেয়েকে নিয়ে একসঙ্গে রং খেলতে দেখা গেল তাঁদের। সোহা এবং কুণালের সঙ্গে খুবই ভাল বন্ধুত্ব তাঁদের। প্রতি বারই এই ধরনের অনুষ্ঠানে দুই পরিবারকে একসঙ্গে দেখা যায়।
আবিরে রাঙা রণদীপ-লিন। ছবি: ইনস্টাগ্রাম।
এই বছরটা অবশ্য একটু অন্য রকম রণদীপ হুডা এবং লিন লৈশরামের কাছে। নতুন অতিথি আসার অপেক্ষায় যুগলে। তাই এই বছরে বাইরে বেরিয়ে খুব বেশি যে হুল্লোড় করতে পেরেছেন তেমন নয়। গালে হালকা আবির ছুঁয়ে হোলির শুভেচ্ছা জানালেন তাঁরা।
রঙিন শুভেচ্ছা সস্ত্রীক বরুণের। ছবি: ইনস্টাগ্রাম।
অন্য দিকে, প্রায় ছোটবেলা থেকেই স্ত্রী নাতাশা দালালের সঙ্গে বরুণ ধবন রঙের খেলা খেলতে অভ্যস্ত। সেই অভ্যাস এখনও একই রয়েছে। রঙে ভিজে হোলির রঙিন শুভেচ্ছা জানাতে ভোলেননি নায়ক।
পোষ্যর সঙ্গে আদুরে নব্যা। ছবি: ইনস্টাগ্রাম।
তবে রণবীরের এই বছরের হোলি ছিল একেবারেই ঘেরাটোপের মধ্যে। দূর থেকে এক ঝলক ফ্রেমবন্দি হয়েছেন নায়ক। সম্ভবত মেয়ে রাহার সঙ্গেই আবির নিয়ে খেলছিলেন। কিন্তু এই বছরে আলিয়া ভট্ট এবং ছোট্ট রাহা ছিল ক্যামেরার আড়ালেই। তবে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দর হোলি উদ্যাপন নজর কেড়েছে অনেকেরই।
ভাই-বোনেদের সঙ্গে ভিকি-ক্যাটরিনার হুল্লোড়। ছবি: ইনস্টাগ্রাম।
অন্য দিকে ক্যাটরিনা কাইফের এবং ভিকি কৌশলও ধরা দিয়েছেন পরিবারের সঙ্গে ‘হোলি’র খেলায়। ভাই-বোনেদের সঙ্গে প্রতি বছরই তাঁরা রং খেলেন। তবে এই বছরের বাড়তি আনন্দ হল খুদে ভিকির আগমন।
বোনের সঙ্গে মিষ্টি মুহূর্তে কৃতি, সঙ্গে স্টেবিন। ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের পরে নূপুর শেননের প্রথম ‘হোলি’। দিদি কৃতি শেননের সঙ্গে রং খেললেন যুগলে। চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই ছবি।