Advertisement
E-Paper

হৃতিকের সঙ্গে ঝামেলায় নাক গলিয়েছিলেন? এ বার কঙ্গনার কাছে কী তকমা পেলেন কর্ণ-রণবীর?

বলিউডের অন্তর্দ্বন্দ্ব বলে কথা! শেষ হয়েও তা শেষ হয় না। কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের বিবাদও তার ব্যতিক্রম নয়। প্রায় সাত-আট বছর পরেও ফের পুরনো কাসুন্দি ঘাঁটতে ব্যস্ত ‘কুইন’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ২১:১৮
Image of Rithik Roshan, Kangana Ranaut,  Ranbir Kapoor, Karan Johar.

বাঁ দিকে হৃতিক রোশন, মাঝখানে কঙ্গনা রানাউত ও কর্ণ জোহর, ডান দিকে রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

ফের স্বরূপধারণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউড তারকাদের সঙ্গে তাঁর বনিবনা হয় না মোটেই। বিশেষত, তারকাসন্তানদের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কখনও তিনি আক্রমণ করে বসেন আলিয়া ভট্ট, রণবীর কপূরের মতো তারকাদের। কখনও আবার কঙ্গনার কটাক্ষের শিকার খোদ কর্ণ জোহর। দিন কয়েক আগেই ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে রণবীরকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিনেতাকে ‘সাদা ইঁদুর’ বলতেও ছাড়েননি কঙ্গনা। এ বার সম্পূর্ণ অন্য এক বিষয়ে ফের রণবীরকে বিঁধলেন বলিউডের ‘কুইন’।

‘রামায়ণ’ ছবির কাস্টিং নিয়ে সমালোচনার পরে আরও এক বার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খোলেন কঙ্গনা। তাঁর দাবি, সুশান্তের বিরুদ্ধে যত ভুয়ো খবর প্রচার করা হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল কর্ণ ও রণবীরের। এখানেই থামেননি কঙ্গনা। কর্ণকে ‘শকুনি’ ও রণবীরকে ‘দুর্যোধন’ বলেও অভিহিত করেন তিনি। তাঁর কথায়, হৃতিকের সঙ্গে তাঁর আইনি লড়াই চলাকালীনও নাকি স্বঘোষিত রেফারির ভূমিকায় নাম লিখিয়েছিলেন কর্ণ ও রণবীর। সেই লড়াইয়ের পরেও তাঁর জীবন নাকি অতিষ্ট করে দিয়েছিলেন ওই দুই তারকা, দাবি কঙ্গনার।

কর্ণ ও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেই ক্ষান্ত হননি কঙ্গনা। সমাজমাধ্যমের পাতায় তাঁর দাবি, তিনি এই ধরনের অপপ্রচারে পর্দা ফাঁস করার পর থেকে নাকি এই রকম ভুয়ো প্রচারের পরিমাণ অনেক কমে গিয়েছে। কঙ্গনা আরও বলেন, ‘‘আজ আমি একটা টালমাটাল পরিস্থিতিতে রয়েছি। তবে আমার হাতে যে দিন ক্ষমতা থাকবে, সে দিন এই সব বেআইনি কাজকর্ম বন্ধ করে দেব। আমার কাছে যা প্রমাণ আছে, তাতে এদের হাজতবাস হতে বাধ্য।’’

Kangana Ranaut Karan Johar Ranbir Kapoor Hrithik Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy