Advertisement
E-Paper

পাল্টা আইনি চিঠিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে! রণবীরের উপর থেকে ‘নিষেধাজ্ঞা’ সরাল এফডব্লিউআইসিই

খবর, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:৪৪
দাবার চাল উল্টে দিলেন রণবীর সিংহ?

দাবার চাল উল্টে দিলেন রণবীর সিংহ? ছবি: ফেসবুক।

‘ডন ৩’ ছবি থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। এই ‘অপরাধ’-এ রণবীর সিংহকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)। খবর, অভিনেতাও পাল্টা পদক্ষেপ হিসেবে ফেডারেশনকে আইনি নোটিস পাঠিয়েছিলেন। তার পরেই তাঁর উপর থেকে ‘নিষেধাজ্ঞা’ সরিয়ে নিল এফডব্লিউআইসিই।

সংবাদমাধ্যমে প্রকাশ, ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, “ইমপা, প্রোডিউসার্স গিল্ড এবং সিআইএনটিএএ-র অনুরোধে আমরা অবিলম্বে আমাদের অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছি।” এফডব্লিউআইসিই সভাপতি বিএন তিওয়ারি পরে সাংবাদিকদের বলেন, “প্রযোজকদের সংগঠনের সঙ্গে আমাদের সবার একসঙ্গে বসে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে অনুরোধ আসে। যাতে প্রযোজক, পরিচালক বা অভিনেতা— কারও কোনও সমস্যা না হয়।” সেই অনুরোধ মেনেই সকলের সঙ্গে বৈঠকে বসে সংগঠন। ‘নিষেধাজ্ঞা’ উঠে যায় রণবীরের উপর থেকে।

তা হলে কি অভিনেতার কাছে পরাজয় স্বীকার করে নিল সংগঠন? সাংবাদিকদের এই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিওয়ারি। তাঁর কথায়, “বিষয়টি জয়-পরাজয়ের নয়। আমাদের আইনজীবী রণবীরের আইনি নোটিসের জবাব দেবেন। আমরা সকলের মঙ্গল চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”

২৫ মে পরিচালক ফারহান আখতার এবং তাঁর সহযোগী প্রযোজক রীতেশ সিধওয়ানি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে (আইএফএলডি) একটি অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ ছিল রণবীরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এর পর সংগঠন নায়কের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে। প্রসঙ্গত, জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব ‘ডন ৩’ তিন বছর ধরে নির্মাণাধীন। ছবির কাজ এখনও শুরু হয়নি বলে খবর। প্রযোজকদের দাবি, ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের জন্য ৪৫ কোটি টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে।

যাঁকে ঘিরে বিতর্ক, সেই রণবীর অবশ্য শুরুতে নিশ্চুপ ছিলেন। নায়কের তরফ থেকে জানানো হয়, বিনোদন দুনিয়া এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি অভিনেতার ‘গভীর শ্রদ্ধা ও ইতিবাচক ভাবনা’ রয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, “‘ডন ৩’-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলিতে তিনি সচেতন ভাবেই নীরব। কারণ নায়কের বিশ্বাস, পেশাগত যে কোনও আলোচনা বা সমস্যা ব্যক্তিগত পরিসরে এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো সম্ভব।”

Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy