Advertisement
E-Paper

জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে এই সপ্তাহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে?

জানুয়ারিতে এক দিকে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, ‘বিজয়নগরের হীরে’, অন্য দিকে ‘বর্ডার ২’, ‘মর্দানি ৩’-এর মতো ছবি দেখেছেন দর্শক। তাঁদের জন্য কী থাকছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
কোন কোন ছবি সাড়া ফেলবে বক্সঅফিসে?

কোন কোন ছবি সাড়া ফেলবে বক্সঅফিসে? ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে নতুন বছরের দ্বিতীয় মাস। জানুয়ারি জুড়ে ছিল একগুচ্ছ বহু প্রতীক্ষিত ছবি। এক দিকে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, ‘বিজয়নগরের হীরে’, অন্য দিকে ‘বর্ডার ২’, ‘মর্দানি ৩’-এর মতো ছবি দেখেছেন দর্শক। তাঁদের জন্য কী থাকছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে?

১) ওসিডি: এই সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ জয়া আহসানের এই ছবি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে কি নিয়ে নিজের বাতিক রয়েছে, সেই দিকটাও খুঁজে দেখার চেষ্টা করেছিলেন জয়া। ছবিতে ‘পিডোফিলিয়া’ অর্থাৎ শিশুদের প্রতি যৌন আকর্ষণের প্রসঙ্গ রয়েছে। এমন একটি বিষয় সম্পর্কে জয়া সাক্ষাৎকারে বলেন, “হ্যাঁ, আসলে এটা তো একটা মানসিক ব্যাধি। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তাঁরা ওই শরীরের ভিতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। এই ‘পিডোফিলিয়া’ বিষয়টা নিয়ে কিন্তু বাংলা ছবিতে এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি।” সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি।

২) বধ ২: সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত অভিনীত ছবির প্রথম ভাগ অর্থাৎ ‘বধ’ প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় ভাগটি মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি। ঋণের চাপে শম্ভুনাথ মিশ্রকে একটি খুন করতে হয়। ঘটনার ধারাবাহিকতা বজায় রেখেই তৈরি হয়েছে সিকুয়েল। এই ছবিতে দেখা যাবে, দীর্ঘ ২৮ বছর কারাবাসে নীনা অভিনীত চরিত্র মঞ্জু। দু’টি চরিত্রের মধ্যে প্রেমের দিকটিও উঠে আসবে ছবিতে। এই ছবি সম্পর্কে নীনা এক সাক্ষাৎকারে বলেছেন, “‘বধ’ ছবিটি সফল হওয়ায় সিকুয়েলেও প্রবীণ অভিনেতাদের জন্য দরজা খুলে দিয়েছে। শুধু পার্শ্বচরিত্রেই অভিনয় করতে হবে, এই ধারা ভেঙেছে এই ছবি।” ছবির ঝলকে বেশ কিছু অন্ধকার দৃশ্য ছিল। কিন্তু পরিচালক জসপাল সিংহ জানান, এই ছবি খুবই উপভোগ্য।

৩) ভাবিজি ঘর পর হ্যায়: ছোট পর্দায় হাসির ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খুবই জনপ্রিয়। দুই প্রতিবেশী পরস্পরের স্ত্রীদের প্রতি আকৃষ্ট। সেই নিয়েই নানা মজার পরিস্থিতি তুলে ধরা হত। এ বার বড় পর্দায় ছবি আকারে মুক্তি পাচ্ছে ‘ভাবিজি ঘর পর হ্যায়’। আসিফ শেখ, শুভাঙ্গি আত্রে, রোহিতাশ্ব গৌর ও বিদিশা শ্রীবাস্তবকে মূল চার চরিত্রে দেখা যাবে। ছবিতে ‘অঙ্গুরি ভাবি’র চরিত্রে শিল্পা শিন্দেকেই দেখা যাবে কি না তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শুভাঙ্গি আত্রেকেই দেখা যাবে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ধারাবাহিক চলাকালীন তাঁরা প্রায়ই আলোচনা করতেন, “এ বার এই ধারাবাহিকটি ছবির আকারে আসা উচিত।” সেই ভাবনাই বাস্তবায়িত হয়েছে এ বার।

৪) জ়োর: জ়ম্বি একটি অতি আকর্ষণীয় জ্যঁর। গৌরব দত্ত পরিচালিত এই ছবিতেও জ়ম্বির গল্প উঠে এসেছে। শহরে হঠাৎই ছড়িয়ে পড়ে জ়ম্বিদের উৎপাত। সেখা থেকে কী ভাবে বাঁচা যায় প্রাণে, সেই গল্পই উঠে আসবে। অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, আকাশ মখিজা, ঋষভ চঢা, প্রান্তিকা দাস। ‘ভুলভুলাইয়া ৩’-এর পরে এটি প্রান্তিকার দ্বিতীয় হিন্দি ছবি। সাক্ষাৎকারে তিনি বলেন, “জোর আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সরস্বতী চরিত্রটি মজার, চতুর এবং বুদ্ধিদীপ্ত। রসবোধ, ভয় এবং অ্যাকশন— সব মিলে চরিত্রটিকে এক নতুন মাত্রা দেয়। সরস্বতী প্রতিটি পরিস্থিতি নিজস্ব কৌশল ও বুদ্ধি দিয়ে সামলে চলে, যা দর্শককে ভয়ের সঙ্গে কমেডির এক অনন্য মিশেল অনুভব করাবে।”

৫) খাঁচা: এই ছবিতে নারীপাচার চক্রের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে নেটপ্রভাবী মৃন্ময় অভিনয় করেছেন, যিনি ‘সিনেবাপ’ নামে পরিচিত। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর আফসার আলি, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যুষা পালও। ছবির শুটিং হয়েছে বেশ কিছু রোমাঞ্চকর এলাকায়। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর কথায়, “আমরা কালিম্পংয়ের এক প্রত্যন্ত এলাকায় শুটিং করছিলাম। হঠাৎ স্থানীয় ম্যানেজার আমার কাছে এসে একটি ভিডিয়ো দেখালেন। কয়েক ঘণ্টা আগে ঠিক সেই জায়গায় একটি চিতা দেখা গিয়েছিল, যেখানে আমি বসেছিলাম এবং কাকতালীয় ভাবে ঠিক সেই সময় কোনও এক কারণে সমস্ত আলো বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকারে পাহাড়ি জঙ্গলের মধ্যে একমাত্র দৃশ্যমান সেই চিতার চাহনি। তখনই বুঝতে পারি, আমি তার এলাকায় অনাহূত অতিথি, সে নয়।”

৬) দ্য স্ট্রেঞ্জারস: চ্যাপ্টার ৩: হঠাৎ খবর ছড়ায়, ম্যানিকুইন নাকি শহরে জ্যান্ত হয়ে ওঠে এবং আতঙ্ক তৈরি করে। খবর সত্যি কি না যাচাই করতে উদ্যোগী হয় জেসমিন। সেখান থেকেই বিপত্তি। ক্রমশ সে বুঝতে পারে, এমন কিছু নিয়ে পরীক্ষা না করাই ভাল। হলিউডের এই ছবিও সাড়া ফেলতে পারে বক্সঅফিসে। প্রথম দু’টি ভাগও সাড়া ফেলেছিল এই ছবিতে।

film Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy