আবার বাদশার গান নিয়ে বিতর্ক। বিপদে শিল্পী। বছরকয়েক আগে রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গানটি নতুন ভাবে তৈরি করে বিতর্কে জড়ান। বিপুল আলোচনা হয়েছিল সেই সময়ে। এ বার ‘টটীরী’ নামের একটি হরিয়ানভি ভাষার গান গেয়ে পড়লেন বিপাকে। হরিয়ানার মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে পানিপথ পুলিশের অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন:
১ মার্চ এই গানটি মুক্তি পায় বাদশার সমাজমাধ্যমের পাতায়। যেখানে বাদশা ছাড়াও দেখা যাচ্ছে একদল ছাত্রীকে। গানের শুরুতেই তারা কাঁধ থেকে স্কুলের ব্যাগ নামিয়ে নাচতে শুরু করে। তাতেই মহিলা কমিশনের আপত্তি। এ ছাড়া এই গানে ব্যবহৃত শব্দ আপত্তিকর ও তাতে যৌন ইঙ্গিত রয়েছে বলেও দাবি তাদের। বাদশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হরিয়ানার মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া বলেন, ‘‘এই ধরনের গান শ্রোতাদের উপরে, বিশেষত তরুণদের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’’ এ ছাড়াও পঞ্চকুলার অভয় চৌধরী নামে এক ব্যক্তি বাদশার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁরও অভিযোগ, স্কুলের পোশাকে এমন নাচ-গান দেখলে ছোট মেয়েদের কাছে ভুল বার্তা যাবে। গায়কের নামে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। আগামী ১৬ মার্চ শুনানি দিন হবে বলে খবর।