Advertisement
E-Paper

কী ভাবে মাত্র ৩০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু? কোন উদ্বেগ তাড়া করে বেড়াচ্ছিল অভিনেত্রী দিব্যাঙ্কাকে?

জানা যাচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণেই আকস্মিক মৃত্যু হয়েছে দিব্যাঙ্কার। তাঁর মৃত্যুতে প্রশ্ন উঠছে, কী ভাবে এত কম বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০১
কী ভাবে এত কম বয়সে মৃত্যু দিব্যাঙ্কার?

কী ভাবে এত কম বয়সে মৃত্যু দিব্যাঙ্কার? ছবি: সংগৃহীত।

মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। জানা যাচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণেই তাঁর আকস্মিক মৃত্যু হয়েছে। দিব্যাঙ্কার মৃত্যুতে প্রশ্ন উঠছে, কী ভাবে এত কম বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন তিনি? এর মধ্যেই জানা যাচ্ছে, তিনি নাকি আর্থিক চাপে দিন কাটাচ্ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে নাকি কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন দিব্যাঙ্কা। অনেকের কাছে আর্থিক সাহায্যও চেয়েছিলেন। আর্থিক সঙ্কটের কারণে নাকি উদ্বেগে থাকতেন দিব্যাঙ্কা। এ-ও জানা যাচ্ছে, মৃত্যুর ১৫ থেকে ২০ দিন আগে এক পরিচিতের থেকে টাকা চেয়েছিলেন তিনি। বিভিন্ন জায়গায় কাজের জন্য গত কয়েক দিনে যোগাযোগ করেছিলেন বলে জানান দিব্যাঙ্কার বন্ধুরা।

দিব্যাঙ্কার এক সহ-অভিনেতাও জানিয়েছেন, কয়েক দিন ধরেই তিনি কাজের খোঁজ করছিলেন। হাতে যেটুকু কাজ ছিল, সেটুকু মন দিয়ে করতেন ঠিকই। কিন্তু তার পাশাপাশি ভবিষ্যতে কী কী কাজ করবেন, তা নিয়ে অনবরত চিন্তা করতেন। গুরুগ্রামে একাই থাকতেন অভিনেত্রী। কিন্তু আর্থিক চাপের জন্যই সেই বাড়ি ছেড়ে দিয়ে সম্প্রতি পরিবারের সঙ্গে গাজ়িয়াবাদে থাকছিলেন তিনি।

Advertisement

মঙ্গলবার রাতে মৃত্যু হয় দিব্যাঙ্কার। জানা গিয়েছে, সেই সময়ে নিজের ঘরে একাই ছিলেন অভিনেত্রী। তখনই নাকি হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং মাটিতে পড়ে যান। মাথায় চোট ছিল অভিনেত্রীর।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। যদিও বর্তমানে বাবা-মা ও ঠাকুরমার সঙ্গে গাজ়িয়াবাদে থাকতেন তিনি। চৌধরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। আঞ্চলিক বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। সমাজমাধ্যমেও জনপ্রিয় ছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১৩ লক্ষ।

‘টিকটক’ থেকে সফর শুরু করেছিলেন দিব্যাঙ্কা। সেখান থেকেই তিনি নজরে এসেছিলেন বিনোদনজগতের। টিকটকে তাঁর বেশ কিছু ভিডিয়ো ‘ভাইরাল’ হত একসময়ে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy