খুব অল্প বয়সে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেন শেফালী শাহ। প্রায় ৬ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের। তবে শেফালী জানান, তাঁর প্রথম বিয়ের অভিজ্ঞতা বেশ তিক্ত। হর্ষের সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেত্রী বিয়ে করেন বলিউডের পরিচালক বিপুল শাহকে। আপাতত দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের। এ বার শেফালীর সঙ্গে দাম্পত্যজীবন, বিচ্ছেদের অনুভূতি নিয়ে মুখ খুললেন হর্ষ।
আরও পড়ুন:
অভিনয়ের সূত্রেই হর্ষের সঙ্গে আলাপ শেফালীর। অভিনয়ের প্রতি আকর্ষণের কারণে, সেই আলাপ প্রেমে রূপান্তরিত হতে সময় লাগেনি। ১৯৯৭ সালে বিয়ে করেন হর্ষ ও শেফালী। কিন্তু, তাঁদের দাম্পত্য সুখের হয়নি। এক সাক্ষাৎকারে হর্ষ জানান, তাঁদের বিচ্ছেদপর্ব ছিল বেশ তিক্ত। বিচ্ছেদের পরে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। দু’জনে আর কোনও সম্পর্ক রাখতেও চান না। শেফালীর সঙ্গে বিচ্ছেদের পরে হর্ষ বিয়ে করেছেন বাঙালি অভিনেত্রী সুনীতা সেনগুপ্তকে। তবে হর্ষ জানান, বিচ্ছেদের পর পাঁচ-ছয় মাস বেশ কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল তাঁর। একা একাই চিৎকার করতেন। কিন্তু, নিজের কষ্ট বাইরে প্রকাশ করবেন না, বদ্ধপরিকর ছিলেন হর্ষ। সেই কারণেই নাকি একাধিক নারীর সঙ্গে মেলামেশা শুরু করেন।
হর্ষ জানান, তিনি ও শেফালী দু’জনেই চেয়েছিলেন যেন বিচ্ছেদটা দ্রুত হয়ে যায়। হর্ষের কথায়, ‘‘আমি মনে করি, দুটো মানুষ ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতে পারেন না। শুধু তা-ই নয়। আমার কাছে বিবাহবিচ্ছেদ খুব একটা বড় বিষয় নয়। আমি মনে করি, বিচ্ছেদের সময় বেশি দীর্ঘায়িত করা উচিত নয়। না থাকার হলে তাড়াতাড়ি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়।’’ যদিও হর্ষ জানান, এখন তাঁর খানিক অনুতাপ হয় বটে। তবে শেফালীর সঙ্গে বিচ্ছেদের পরে প্রায় ২৫ বছর কেটে গিয়েছে। এখন ওই দিকে আর ফিরে তাকাতে চান না তিনি।