Advertisement
E-Paper

এক চোখে বাঁধা ব্যান্ডেজ! অমিতাভের পর এ বার ওড়িশায় শুটিং করতে গিয়ে চোট পেলেন দেব!

এক সপ্তাহ ধরে ওড়িশায় শুটিং করছেন দেব৷ সেখানে গিয়েই ঘটল বিপত্তি। চোখে চোট পেয়েছেন নায়ক। যা নিয়ে চিন্তিত দেবের প্রিয়জনেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ০৮:২৬
Picture Of Dev

ওড়িশায় শুটিং করতে গিয়ে আহত দেব ছবি: সংগৃহীত।

শুটিং করতে গিয়ে আহত অভিনেতা-সাংসদ দেব। চলছে ওড়িশার বারিপোদায় নায়কের নতুন ছবি 'বাঘাযতীন'-এর শুটিং। এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে গোটা টিম। অরুণ রায় পরিচালিত ছবি 'বাঘাযতীন'-এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই ঘটল বিপত্তি।

বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে একগাল হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো।

সেই ছবি দেখেই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে নিজের এই চোট নিয়ে কিছুই জানাননি দেব৷ উল্টে সারা গায়ে আবির মেখে প্রকাশ্যে ধরা দেয় গোটা টিম। শহর থেকে দূরে থাকলেও তাঁদের রং খেলায় যে কোনও কমতি হয়নি সে কথা এই ছবিই বলে দেয়। শুটিংয়ের সেটে কোনও চোট পেয়েছেন, না কি অন্য কোনও ভাবে আঘাত পেয়েছেন, তা খোলসা করেননি অভিনেতা। সম্প্রতি হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে চোট লাগে অমিতাভ বচ্চনের। তড়িঘড়ি মুম্বই নিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। শোনা যাচ্ছে, স্টান্টম্যান থাকা সত্ত্বেও নিজেই সব দৃশ্যের শুট করতে ভালবাসেন অমিতাভ। এবং তাতেই ঘটে বিপত্তি। দেবের ক্ষেত্রে তেমনই কিছু হয়েছে কি না, এখনও জানা যায়নি।

২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেব অভিনীত 'প্রজাপতি'। যা বক্স অফিসে পেয়েছিল বিপুল সাফল্য। তার পরে প্রজাতন্ত্র দিবসের দিন সকালে এই 'বাঘাযতীন'-এর লুকে প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন তিনি। কপাল ভর্তি চন্দন, উস্কোখুস্কো চুল। গালভর্তি দাড়ি। যে ছবি দেখলে দেবকে চেনা কঠিন। ২০২৩ সালের ২০ অক্টোবর মুক্তি পাবে 'বাঘাযতীন'। এই ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য। এই ছবির মাধ্যমেই দর্শক পাবেন নতুন নায়িকা সৃজা দত্তকে।

বহু অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে তাঁকে। সৃজা বর্তমানে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী। এই নতুন ছবিতে দেবের বিপরীতে কেমন মানায় তাঁকে, এখন সেটাই দেখার।

Dev Baghajatin Bengali Movie Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy