২০০৩ থেকে ২০২৬। বাংলায় ২৩ বছরের রাজপাট লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের। হিন্দি বলয়ে তাঁরা পা রেখেছেন ২০২১-এ। ‘রিস্তো মঞ্ঝা’, ‘ঝনক’, ‘তারা’র মতো ধারাবাহিক ঝুলিতে তাঁদের। খবর, দ্বিতীয় এবং তৃতীয় ধারাবাহিকটি এখনও চলছে।
বৃহস্পতিবার ছোটপর্দার রেজাল্ট বেরোনোর দিন। এ দিন বাংলা, হিন্দি-সহ সমস্ত ভাষার ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি নম্বর জানা যায় রেটিং চার্টের মাধ্যমে। এ দিনই হিন্দি বলয়ে গুঞ্জন, বন্ধ হয়ে যেতে পারে লীনা-শৈবালের চলতি দুটো ধারাবাহিক ‘ঝনক’ এবং ‘তারা’। ৩১ মে ‘ঝনক’ ধারাবাহিকটির শেষ সম্প্রচার বলে জানা গিয়েছে। ‘তারা’ও নাকি আর বেশি দিন দেখানো হবে না।
সত্যিই কি এ রকম কিছু ঘটছে? আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল লীনা-শৈবাল উভয়ের সঙ্গে। তাঁদের ফোন বেজে গিয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘ঝনক’ বন্ধের কথা সম্ভবত ঠিক। তবে বন্ধ হচ্ছে না ‘তারা’ ধারাবাহিকটি। শীঘ্রই দ্বিতীয় পর্ব আসতে চলেছে। লীনার হিন্দি ধারাবাহিক নিয়ে কেন গুঞ্জন ছড়াল? শোনা যাচ্ছে, রেটিং চার্টে নাকি খুব ভাল নম্বর পাচ্ছে না ধারাবাহিক দু’টি। সেই কারণেই নাকি এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে।