ভিডিয়োবার্তায় সকলকে চমকে দিয়েছেন ‘বিগ বস্’ খ্যাত অনুরাগ ডোভাল তথা ‘রাইডার’। আত্মঘাতী হওয়ার কথাও বলেছেন। তাঁর অভিযোগ, মা-বাবা, স্ত্রী, ভাই গোটা পরিবার তাঁকে মানসিক ভাবে হেনস্থা করছেন। হুঁশিয়ারি দিয়েছেন, “আমার মৃত্যুর জন্য এঁরা সকলে দায়ী থাকবেন।” এ বার মুখ খুললেন অনুরাগের ভাই কালাম ডোভাল।
কালামের দাবি, অনুরাগ এ সবই করেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। ভাইয়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে তিনি লেখেন, “আমি এক কথার মানুষ। সব প্রমাণ আমি আমার সংবাদ চ্যানেলে দিয়েছি। আর সবাই নিশ্চিন্ত থাকুন, এটা ওর (অনুরাগ) রোজকার বিষয়। এক পক্ষের গল্প শুনিয়েছে আমার ভাই। কিন্তু সত্যিটা বলেনি।”
অনুরাগ তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলেও দাবি করেছেন কামাল। একটি স্ক্রিনশটও ভাগ করে নেন, যেখানে দেখা যাচ্ছে, অনুরাগ স্বীকার করেছেন, তিনি সত্যিই তাঁর স্ত্রী ঋতিকার গায়ে হাত তুলেছেন।
আরও পড়ুন:
অনুরাগ তাঁর ভিডিয়োবার্তায় অভিযোগ করেন, তাঁর বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল। প্রথমে বাবা-মায়ের সম্মতি ছিল। কিন্তু বিয়ের ঠিক পাঁচ দিন আগে তাঁর বাবা-মা জানান, তাঁরা এই বিয়েতে রাজি নন। মা-বাবার পা ধরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিয়েতে আসেননি তাঁরা। অনুরাগের এই সব অভিযোগের উত্তর দিয়েছেন তাঁর ভাই কামাল। তিনি একটি ভিডিয়ো ভাগ করে দাবি করেন, অনুরাগের বিয়েতে তাঁদের বাবা-মা উপস্থিত ছিলেন।
কামালের বক্তব্য, “এ সব শোনার পরেও যদি মনে হয় আপনারা ওকেই সমর্থন করবেন, তা হলে আপনাদেরই পরিণতিবোধের প্রয়োজন আছে।”
উল্লেখ্য, অনুরাগ একটি ভিডিয়োয় বলেন, “আমার মৃত্যুর জন্য আমার মা, বাবা, ভাই দায়ী থাকবে। আমার আর কিছু করার নেই। খুব অবসাদে ভুগছি। জানি না, কী ভাবে এই ভাবনা মাথা থেকে বার করব। এই শেষ ভিডিয়োর পরে আমি হয়তো হারিয়ে যাব। ৫ দিন ধরে কিছু খাইনি। মাথা চলছে না।” এই মন্তব্যের পর থেকেই তাঁকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা।