রবিবার বিকেলে জার্সি চাপিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন করিনা কপূর। সঙ্গে ছিল সৎছেলে ইব্রাহিম আলি খান, স্বামী সইফ আলি খান ও নিজের দুই পুত্র তৈমুর ও জেহ্। সে দিন ছিল মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। স্টেডিয়ামের ভিতরে লিফটের সামনে দাঁড়িয়ে সইফ, করিনা, ইব্রাহিম, তৈমুর। সেই সময় সেখানে অনেকেই সেলেব দম্পতির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা নিয়েই রুদ্রমূর্তি ধারণ করেন করিনা।
আরও পড়ুন:
মাঠে বসে খেলার দেখার সময় থেকেই মেজাজ গরম ছিল করিনার। মাঝপথে খেলা দেখতে দেখতে উঠেও যান। এ দিকে, লিফট দিয়ে যখন উপরে উঠতে যাবেন তখন অনুরাগীরা প্রায় হামলে পড়েন ছবি তোলার জন্য। সইফ হাসিমুখে সকলের আবদার মেটালেও পুরো ঘটনায় অস্বস্তিতে পড়েন করিনা। তাঁদের সহকারীর উপর রেগে চিৎকার করতে থাকেন। সেই সময়ও নাছোড় অনুরাগীরা করিনার ছবি তুলবেই। ইব্রাহিম ও তৈমুরের সঙ্গেও ছবি তোলার হিড়িক পড়ে যায়। একরাশ বিরক্তি নিয়ে সইফের দিকে তাকিয়ে করিনাকে বলতে শোনা যায়, ‘‘হচ্ছেটা কী?” কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। হাসিমুখে সকলেই লিফটে উঠে পড়েন। তার পর খানিকটা শান্ত হন করিনা।