কুমার শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা নিজেই জানিয়েছিলেন কুনিকা সদানন্দ। ‘বিগ বস্ ১৯’-এর ঘরেও এই সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন। এ বার কুমার শানুর সঙ্গে কুনিকার পুত্র অয়ন লালের চেহারার সাদৃশ্য খুঁজে বার করলেন কয়েকজন নেটাগরিক। কুনিকার দাবি, এই নেটাগরিকেরা আসলে তান্যা মিত্তলের ভক্ত। তাই তান্যার উপর রেগে আগুন কুনিকা।
‘বিগ বস্’-এর ঘরে কুনিকা ও তান্যার মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু ক্রমশ তাতে তিক্ততা তৈরি হয়। ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরোনোর পরে তান্যা নাকি কুনিকার নামে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। এমনকি তান্যার ভক্তেরাও কটাক্ষ করে চলেছেন কুনিকাকে।
আরও পড়ুন:
তান্যার এক ভক্তকে কুনিকা সপাটে জবাব দেন, “বেশি বা়ড়াবাড়ি করবেন না। তান্যা যদি অতই সংস্কারী ও পবিত্র হন, তা হলে উনি ‘বিগ বস্’-এর ঘরে এলেন কেন! মামার বিয়ে দেখতে এসেছিলেন নাকি?”
তান্যার এক ভক্ত কুমার শানু আর অয়নের (কুনিকার পুত্র) একটি ছবি ভাগ করে নিয়ে দাবি করেন, দু’জনকে একই রকমের দেখতে। এই দাবির নেপথ্যে কোন বার্তা লুকিয়ে রয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি কুনিকার। তিনিও সপাটে জবাব দেন, “এ বার বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার পরিবারের সদস্য ও এমন একজনকে নিয়ে কথা বলা হচ্ছে, যাঁর ‘পারসোনালিটি রাইটস’ রয়েছে। এমন অসভ্যতা আমি সহ্য করব না।” ভক্তেরা এমন মন্তব্য করছেন দেখেও চুপ কেন তান্যা মিত্তল? সেই প্রশ্নও তুলেছেন কুনিকা সদানন্দ। তবে এখনও নীরব তান্যা।