গত ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। লীনা এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শুটিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। তার পরে জল বহুদূর গড়িয়েছে। এক মাস কেটে গিয়েছে। এখন কী পরিস্থিতি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের?
দিগন্ত সিন্হা দীর্ঘ কয়েক বছর ধরে লীনার সংস্থায় পরিচালক হিসাবে কাজ করছেন। ‘চিরসখা’ ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি। দিগন্ত বললেন, “এক মাস হয়ে গেল বসে আছি। বুঝতেই পারছেন কী পরিস্থিতি। শৈবালদার সঙ্গে কথা হয়েছিল। দেখা যাক, কী হয়! এ কথাই বলেছেন। খুবই দুঃখ পেয়েছেন ওঁরা, সেটা বুঝতে পারছি। জানি না, এই পরিস্থিতি ঠিক হবে কবে।”
আরও পড়ুন:
অন্য দিকে, এখনও লীনা এবং শৈবালের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর সংস্থার পোশাকশিল্পীর। এত দিন তাঁদের সব ধারাবাহিকে চরিত্রদের পোশাক পরিকল্পনা করেছেন তিনি। আনন্দবাজার ডট কম-কে বললেন, “আমার দিদিদের উপরে ভরসা আছে। তাই অন্য কিছুর কথা ভাবছি না। আমার স্বামী এত দিন দিদিদের সংস্থাতেই কাজ করতেন। কিন্তু মাসিক কিস্তি আছে। সন্তান রয়েছে আমাদের। তাই তাই অন্য কাজ খুঁজতে হয়েছে।”
একই অবস্থার কথা জানালেন লীনার প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সহকারী পরিচালক সৌমেন পুরকায়স্থও। তিনি বললেন, “জানি না। কিছুই বুঝতে পারছি না। কারও সঙ্গে কথা হয়নি। একমাস হয়ে গেল, জানি না কিছু।” ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, প্রযোজকদ্বয় আর বাংলায় কাজ করতে ইচ্ছুক নন।
এ দিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলও ঘটে গিয়েছে দিনকয়েক আগে। সেই বদলের জেরে দিন দুই আগে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।