জল্পনা বহু দিন ধরেই। নতুন প্রেম নিয়ে এখনও মুখে কুলুপ মলাইকা অরোরার। তবে তাঁর অনুরাগীরা প্রায় নিশ্চিত, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে রয়েছেন মলাইকা। এ বার নিজের পুত্র আরহান খানের সঙ্গেও হর্ষের পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী।
রবিবার পুত্র আরহান ও বোন অমৃতা অরোরাকে নিয়ে একটি বহুতল থেকে বেরোন। ইস্টার উদ্যাপনে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। কিছু ক্ষণের মধ্যে তাঁদের সঙ্গে যোগ দেন মলাইকার আলোচিত প্রেমিক হর্ষ মেটাও। তিনিও গাড়িতে উঠে পড়েন। তবে মলাইকা ও হর্ষ একসঙ্গে ক্যামেরাবন্দি হননি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জল্পনা তৈরি হয়েছে, তা হলে কি সম্পর্ক আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন মলাইকা? তাই কি পরিবারের সঙ্গেও হর্ষের পরিচয় করিয়ে দিয়েছেন?
মলাইকা ও হর্ষের ভিডিয়ো ছড়িয়ে প়়ড়তেই অনুরাগীরা বলতে থাকেন, “বয়সের ব্যবধান থাকলেও দু’জনকে একসঙ্গে খুবই মানাবে।” অনেকে আবার দাবি করেছেন, মলাইকার প্রাক্তন প্রেমিক অর্থাৎ অর্জুন কপূরের সঙ্গে চেহারা ও চলাফেরায় মিল রয়েছে হর্ষের।
আরও পড়ুন:
কিছু দিন আগেই মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরে পৌঁছে গিয়েছিলেন মলাইকা ও হর্ষ। সেখানে পুজো দেন তাঁরা। সেই দিনও ধরা পড়ে গিয়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়। সম্পর্কে কি সিলমোহর দিলেন? সেই প্রশ্নও উঠেছিল।
উল্লেখ্য, গত বছর এনরিকের অনুষ্ঠানে প্রথম মলাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। হর্ষ নাকি পেশায় হিরে ব্যবসায়ী। তার পর থেকেই প্রশ্ন, তাঁরা কি সম্পর্কে আছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর সম্পর্কের বিষয় জানান, তাঁকে নিয়ে চলা গুঞ্জন তিনি হেসে উড়িয়ে দেন। কিন্তু এ বার হর্ষকে মলাইকার পরিবারের সঙ্গে দেখে অনুরাগীরা সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছেন।