আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের মধ্যে সংঘাত নিয়ে প্রথম থেকেই সমাজমাধ্যমে সরব মন্দানা করিমি। ইরানের এই অভিনেত্রী বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। প্রথম থেকেই তিনি ইজ়রায়েল ও আমেরিকার পক্ষে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পরে সমাজমাধ্যমে আনন্দও প্রকাশ করেছিলেন তিনি। এ বার মন্দানা একহাত নিলেন অভিনেতা বোমান ইরানিকে।
পশ্চিম এশিয়ার বিষয় নিয়ে এত দিন নীরব ছিলেন বোমান। সম্প্রতি ব্যঙ্গের সুরে তিনি একটি পোস্ট করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন তিনি। রসিকতা করে বোমান সেই ভিডিয়োয় বলেন, “আপনারা হয়তো জানেন, এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ‘ইরানিদের’ সঙ্গে কথা বলতে চান। তাই তিন জনকে ডাকা হয়েছে। স্মৃতিজি (স্মৃতি ইরানি), অরুণা ইরানিজি, আর আমি অর্থাৎ বোমান ইরানি। আমি প্রস্তুত। শান্তির জন্য আমি সব করতে রাজি।”
বোমান সেই ভিডিয়োয় ব্যঙ্গের সুরে জানান, যদি ট্রাম্প ওয়াশিংটন থেকে তাঁর দাদারের পারসি কলোনির বাড়িতে আসেন এবং সঙ্গে একটি বড় গ্যাস সিলিন্ডার আনেন, তা হলে তিনি তাঁকে বিশেষ পারসি খাবার খাওয়াবেন। এই ভিডিয়ো দেখে হাসির রোল ওঠে। তবে ভাল ভাবে নেননি মন্দানা।
ইরানি অভিনেত্রী বোমানের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, বোমান পারসি হওয়া সত্ত্বেও আগে কেন কথা বলেননি? বোমানের সেই ভিডিয়োর মন্তব্য বিভাগে তিনি লেখেন, “বোমান ইরানি স্যর, হঠাৎ করে আপনি ইরান নিয়ে অনেক কথা বলছেন। বেশ অদ্ভুত। অনেক বছর ধরে ইরানের মানুষকে গ্রেফতার করা হয়েছে, মৃত্যুদণ্ড পেয়েছেন তাঁরা, চুপ করিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। পরিবারগুলো ভেঙে টুকরো হয়ে গিয়েছে। আমার মতো মানুষেরা এ সবের মধ্যে দিয়ে গিয়েছেন।” এমন পরিস্থিতিতে কেন চুপ ছিলেন বোমান এবং এখনই বা কেন মজা করছেন, সেই প্রশ্ন তুলেছেন মন্দানা।
অভিনেত্রী আরও লেখেন, “যখন ইরানের মানুষ মরছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আর এখন হঠাৎ করে গ্যাস, রাজনীতি, আন্তর্জাতিক আলোচনার জন্য মন্তব্য? বাহ, খুব ভাল! নীরবতা ভেঙে এ বার ব্যঙ্গ করছেন? খুব দ্রুত পরিবর্তন হল আপনার!”
বোমান এই মন্তব্যের কোনও জবাব দেননি। অভিনেতার অনুরাগীরা অনেকেই মন্দানাকে পাল্টা বলেছেন, “এটা তো শুধু মজা ছিল।”কেউ কেউ আবার মন্দানাকে খোঁচা দিয়ে বলেছেন, “যাঁরা অনেক বছর ইরানে থাকেন না, তাঁরা হঠাৎ করে সেই দেশের নিয়মকানুন নিয়ে বিশেষজ্ঞ হয়ে যান, এবং আমেরিকা-ইজ়রায়েলের মতের সঙ্গে সহমত হন।” উত্তরে মন্দানা ফের বলেন, “আমি এমন অনেক কিছু পার করেছি, যা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না।”