Advertisement
E-Paper

বন্ধুদের সঙ্গে নিজেই যোগাযোগ করলেন ‘নিখোঁজ’ সৃজন! কী কারণে বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ বেপাত্তা?

খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া পোশাকে বেরিয়েছিলেন সৃজন। সম্ভবত পারিবারিক কোনও কারণে অন্তরালে তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:১৯
‘নিখোঁজ’ সৃজন বিশ্বাস নিজেই সাড়া দিলেন!

‘নিখোঁজ’ সৃজন বিশ্বাস নিজেই সাড়া দিলেন! ছবি: ফেসবুক।

বেশ কিছু দিন ধরে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। এখনও মেলেনি তাঁর খোঁজ। এই আবহে হঠাৎ নিজেই ‘নিখোঁজ’ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। তাঁর বন্ধু মৈনাক গুহ আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যেই সাড়া মিলেছে সৃজনের।

মৈনাক আরও জানিয়েছেন, ‘নিখোঁজ’ ব্যক্তি নিজেই অন্য এক বন্ধুকে নাকি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে স্ব-ইচ্ছায় কিছু দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে তিনি। নির্দিষ্ট সময়ে ফিরে আসবেন তিনি।অর্থাৎ, সৃজন এখনও বাড়ি ফেরেননি।

অন্য দিকে, তাঁর আর এক অভিনেতা বন্ধু সাগ্নিক মুখোপাধ্যায় আগে জানিয়েছিলেন, সন্ধ্যায় অনেকেই যেমন রাস্তায় বের হন, সে রকমই বেরিয়েছিলেন সৃজন। পরনে বারমুডা, টি শার্ট। ওই পোশাকেই নিখোঁজ তিনি! রাত গড়িয়ে ভোর। বেলা বেড়েছে। সৃজনের খোঁজ নেই। নিজের ফোন সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। সেটিও বন্ধ। ইতিমধ্যেই সৃজনের পরিবার স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। দুই বন্ধুর বিপরীত বক্তব্যে স্বাভাবিক ভাবেই ধন্দ বেড়েছে।

Advertisement

বন্ধু প্রসঙ্গে সাগ্নিক আরও বলেছেন, “সৃজন হাবড়ার বাসিন্দা। বাড়িতে অসুস্থ বয়স্ক মা-বাবা। ওর দিদিদের বিয়ে হয়েছে হাবড়াতেই। সৃজন কলকাতা-হাবড়া মিলিয়ে থাকে। গত কয়েক দিন ও হাবড়াতেই ছিল।” ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে বিবাদ? কাজ বা অর্থের অভাব? কিংবা প্রেমঘটিত কারণে এ রকম ঘটনা ঘটেনি তো সৃজনের সঙ্গে? সাগ্নিকের জবাব, “পরশু দিনও কথা হয়েছে ওর সঙ্গে। সৃজন বরাবর একটু চুপচাপ। কেমন আছে, খোঁজ নিতে ফোন করেছিলাম। তা ছাড়া, কাজ নিয়ে বসার কথাও ছিল। কথা বলে বুঝলাম, কোনও সমস্যা নেই। এর পরেই কোথা থেকে কী হয়ে গেল! কিছুই বুঝতে পারছি না।”

রূপকলা কেন্দ্র থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা সৃজনের। মাত্র চার বছর হল তিনি চিত্রগ্রাহক হিসাবে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। বরাবর স্বাধীন ভাবেই কাজ করে এসেছেন।

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তলিয়ে যান অভিনেতা। তার কয়েক দিনের মধ্যেই নিখোঁজ অনীক দত্তের একাধিক ছবির সহকারী পরিচালক উৎসব। ব্যাঙ্কের কাজে বেরিয়ে নিখোঁজ তিনি। নিজের ফোন নিয়ে বেরোননি উৎসব। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। উৎসবের খোঁজ মেলেনি। এর পরেই হঠাৎ উধাও সৃজন। অভিনেতা অমিত সাহা, পরিচালক অনির্বাণ মাইতি-সহ ইন্ডাস্ট্রির অনেকেই সমাজমাধ্যমে সৃজনের কথা ভাগ করে নিয়েছেন।

Utsav Mukerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy