Advertisement
E-Paper

থরে থরে সাজানো ‘প্রিয়’র খাবার, পরলোকে পোষ্য লাকি যেন শান্তি পায়, তাই বিশেষ পুজো দেবের

সোমবার ৪ মে প্রিয় পোষ্য লাকিকে হারিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। সেই দিন থেকেই মন ভাল ছিল না তাঁর। শনিবার লাকির জন্য বিশেষ পুজোর আয়োজন করলেন নায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৫:৪৩
লাকির ছবির সামনে হ্যাপিকে নিয়ে বসে দেব।

লাকির ছবির সামনে হ্যাপিকে নিয়ে বসে দেব। ছবি: সংগৃহীত।

ভাত, মাংস, রসগোল্লার সঙ্গে পছন্দের ‘ট্রিট’—তার ছবির সামনে সাজানো সব প্রিয় খাবার। অধিকারী পরিবারের অন্যতম আদুরে সদস্য ছিল সে। সোমবার, ৪ মে প্রিয় পোষ্য লাকিকে হারিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। সেই দিন থেকেই মন ভাল ছিল না তাঁর। শনিবার লাকির জন্য বিশেষ পুজোর আয়োজন করলেন নায়ক।

পুজোর কিছু মুহূর্ত ভাগ করে নিলেন দেব। বড় করে বাঁধানো লাকির ছবি। পরলোকে যাতে তাঁর প্রিয় পোষ্য শান্তি পায়, সেই উদ্দেশ্যেই পুজোর ব্যবস্থা করেছিলেন অভিনেতা। সঙ্গে ভাগ করে নেন তাঁর আর এক পোষ্য হ্যাপির সঙ্গে কাটানো কিছু মুহূর্তও।

কয়েক দিন আগে আনন্দবাজার ডট কম-কে অভিনেতা বলেছিলেন, “লাকির মৃত্যু আচমকা। সকালে কাজে বেরোনোর সময়েও সুস্থ দেখেছিলাম। রাতে এসে শুনলাম, সফল অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ চলে গেল। খুব ধাক্কা খেয়েছিলাম। এই যন্ত্রণা বলে বোঝানোর নয়। যাঁরা পোষ্যপ্রেমী, কেবল তাঁরাই বুঝবেন আমার কষ্ট।”

লাকির জন্য বিশেষ পুজো দেবের।

লাকির জন্য বিশেষ পুজো দেবের। ছবি: ফেসবুক।

লাকির পাশে মৃদু হেসে বসে থাকতে দেখা যায় নায়ককে। সঙ্গে ছিল হ্যাপিও। ছবি ভাগ করে নিয়ে দেব লেখেন, “তুমি যেখানেই থেকো, ভাল থেকো লাকি।” প্রিয়কে হারিয়ে যে মন একেবারেই ভাল নেই, সেই অনুভূতিও স্পষ্ট নায়কের চোখে মুখে। এক দিকে প্রিয় পোষ্যকে হারানোর মনখারাপ। অন্য দিকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার— সময় যেন ভাল যাচ্ছে না।

লাকির সঙ্গে বিশেষ মুহূর্তে দেব।

লাকির সঙ্গে বিশেষ মুহূর্তে দেব। ছবি: ফেসবুক।

যদিও এই হার প্রসঙ্গে দেব বলেছিলেন, “বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময়ে তাঁদের পাশে।” আগামী দিনে কি রাজনীতির ময়দানে আর দেখা যাবে তাঁকে? সেই উত্তর যদিও অধরা।

Assembly Election Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy