বছরের শুরুতে বিনোদনদুনিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছিল। অভিনেত্রী মৃণাল ঠাকুরের নাকি বিয়ে! দক্ষিণী চলচ্চিত্রজগতের জনপ্রিয় তারকা ধনুষের সঙ্গে গোপনে প্রেম, তার পর বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা! যদিও এত দিন ধনুষকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, অবশেষে প্রেমজীবন নিয়ে মুখ খুললেন মৃণাল।
আরও পড়ুন:
২০২৪ সালের নভেম্বর মাসে দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়। তার পরেই মৃণালের সঙ্গে ধনুষের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও যেতে থাকে। ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়ো বিয়ের ভিডিয়োও ছড়িয়ে পড়ে। মৃণাল-ধনুষ তবুও চুপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল জানান, তাঁর কাজেই তাঁর পরিচয় পাওয়া যাবে। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না। শুধু তা-ই নয়, মৃণাল চান না তিনি কার সঙ্গে প্রেম করবেন সেটা নিয়ে চর্চা হোক।
খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি ‘ডাকাইত’। এর ছবির প্রচার চলাকালীন মৃণাল জানান, তাঁর শরীরের অবস্থা ভাল নেই। মৃণাল বলেন, ‘‘আমার কাছে প্রেমের জন্য কোনও সময় নেই। প্রচার শেষ হলেও পায়ের একটা অস্ত্রোপচার করতে হবে। লিগামেন্টে যে সমস্যা হয়েছে সেটা ঠিক করতে হবে।’’