Advertisement
E-Paper

একের পর এক বলিতারকাকে হুমকিবার্তা, এ বার মুখ্যমন্ত্রী ফডণবীসকে চিঠি ফেডারেশনের

একের পর এক এই ঘটনা। এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে চিঠি পাঠাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০
একের পর হুমকিবার্তার পরে এ বার মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি?

একের পর হুমকিবার্তার পরে এ বার মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি? ছবি: সংগৃহীত।

বুধবার রাতে এসেছিল খবর। ই-মেল মারফত হুমকিবার্তা পেয়েছেন সলমন খানের পরিজন। সূত্রের খবর, অভিনেতা আয়ুষ শর্মার কাছে হুমকি ই-মেলে টাকা চাওয়া হয়েছে। বার্তা প্রেরণকারীর সঙ্গে বিশ্নোই গ্যাংয়ের যোগ আছে বলে দাবি করা হয়েছে। একের পর এক এই ঘটনা। এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়।

চিঠিতে কী লেখা হয়েছে? দলের সদস্যরা লিখেছেন, “গত কয়েক দিন ধরে বলিউডের বেশ কিছু তারকা হুমকি পাচ্ছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, আশেপাশেও আশঙ্কা ছড়াচ্ছে। খুবই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিনেতারা যে লোকালয়ে থাকেন, সেখানেও ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে।”

সংবাদমাধ্যম সূত্রে খবর, সলমনের আত্মীয় আয়ুষের কাছে তোলাবাজির হুমকি দেওয়া ই-মেল আসে। মেলে তাঁর থেকে প্রায় কয়েক কোটি টাকা চাওয়া হয়েছে। কিন্তু খবর, এই বিষয়ে পুলিশে কোনও অভিযোগ জানাননি অভিনেতা। তবে, গোটা বিষয়টাই নজরে রয়েছে পুলিশের। শুধু আয়ুষ নন, সম্প্রতি হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা রণবীর সিংহও। এমনকি পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে গোলাগুলিও চলে কিছু দিন আগে। এ ছাড়া বিশ্নোই গ্যাংয়ের তরফে প্রায়ই হুমকি পান সলমন নিজেও।

Salman Khan Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy