ভারতীয় ছবি নিষিদ্ধ সে দেশে। ‘ধুরন্ধর’ তো বিশেষ করে। সে দেশেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খুব কম টাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ভারতীয় ছবির ‘পাইরেটেড কপি’। সেই তালিকায় প্রথম নাম রণবীর সিংহ অভিনীত ছবির!
এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন নিউ জ়িল্যান্ডের বাসিন্দা নেটপ্রভাবী কার্ল রক। জনপ্রিয় নেটপ্রভাবী ভি়ডিয়ো তুলে দেখিয়েছেন, কী ভাবে পাকিস্তানের বাজারে ‘হট কেক’ ভারতীয় ছবি। তাঁর কথায়, ‘‘পাকিস্তানের অর্থমূল্য অনুযায়ী ৫০ টাকায় বিক্রি হচ্ছে ‘ধুরন্ধর’-এর ‘পাইরেটেড কপি’। ভারতীয় মূল্য অনুযায়ী যার দাম মাত্র ১৬ টাকা। শুধুই ‘ধুরন্ধর’ নয়, অন্যান্য ভারতীয় ছবিও এই বাজারে ডিভিডি আকারে বিক্রি হচ্ছে।’’
আরও পড়ুন:
রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের স্বাভাবিক সাংস্কৃতিক আদানপ্রদান অনেক দিন ধরেই বন্ধ। এর জেরে পড়শি দেশে ভারতের কোনও ছবিই চলে না। সেখানে আবার আদিত্য ধরের ‘ধুরন্ধর’ জুড়ে শুধুই স্বদেশপ্রেম এবং আভাসে-ইঙ্গিতে পড়শি দেশের দিকেই অভিযোগের আঙুল। সেই ছবি সীমান্ত পেরিয়ে এ ভাবে পাকিস্তানি দর্শকদের মন জয় করবে, বোধহয় ভাবতে পারেনি ভারতও।