Advertisement
E-Paper

ঐশ্বর্যা, বিক্রম অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’ আসছে! মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা

তামিলের সবচেয়ে বড় মাল্টিস্টারার ‘পোন্নিয়িন সেলভান ১’-এর সিক্যুয়েল আসছে। একসঙ্গেই শুটিং শেষ হয়েছিল দু’টি ছবির, তবে মুক্তির পরিকল্পনা ছিল পরে। কবে আসছে দ্বিতীয় পর্ব?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:২০
Ponniyin Selvan Movie Poster

কবে মুক্তি পাচ্ছে ‘পোন্নিয়িন সেলভান ২’? ছবি: সংগৃহীত।

প্রথম পর্বের মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ছবির ঘোষণা। আসছে ‘পোন্নিয়িন সেলভান ২’। মঙ্গলবার লাইকা প্রোডাকশনস এবং মাদ্রাজ টকিজ় প্রকাশ্যে এনেছে নতুন ছবির পোস্টার। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর মতোই মেগা হিট হবে কি এই ছবি? এখন থেকেই শুরু জল্পনা।

গত বছর বক্স অফিসে ঝড় তুলেছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। বক্স অফিসে তুলে নিয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। তামিলের সবচেয়ে বড় মাল্টিস্টারার সেটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর নির্মাণও ছিল জাঁকজমকপূর্ণ। সবচেয়ে ব্যয়বহুল তামিল ছবিগুলির তালিকায় স্থান করে নিয়েছিল। সেপ্টেম্বরের ৩০ তারিখ মুক্তি পেয়েছিল ঐশ্বর্যা রাই অভিনীত সেই ছবি। তার পরই জমছিল অপেক্ষা। যদিও প্রথম ছবির সঙ্গেই শুটিং হয়ে গিয়েছিল দ্বিতীয় ছবির, মুক্তির পরিকল্পনা আলাদা বছরেই করা ছিল। এ কল্কির ঐতিহাসিক উপন্যাসের ভিত্তিতে তৈরি ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে চলতি বছর ২৮ এপ্রিল।

ছবির বিষয়বস্তু প্রথমটিরই মতো, দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য। রাজরাজ চোল ছিলেন এই বংশের শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজা। তাঁর রাজত্বের কিছু সময়ের ইতিহাসই ধরা দিয়েছে ‘পোন্নিয়িন সেলভান’-এ। দ্বিতীয় পর্বেও থাকছে আগের গল্পেরই রেশ।

এই ছবিতেও রানির ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যাকে। সঙ্গে বিক্রম, তৃষা কৃষ্ণন এবং জয়ম রবির মতো দক্ষিণের তারকারা। এখনও পর্যন্ত সবচেয়ে বড় তামিল প্রকল্প ‘পোন্নিয়িন সেলভান’, যার সিক্যুয়েলও রাজকীয় ভাবে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

Ponniyin selvan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy