Advertisement
E-Paper

অস্কারে মনোনীত ভারতীয় ছবির পাশে প্রিয়ঙ্কা, অভিনেত্রীর বাড়িতেই প্রদর্শনের আয়োজন

এই বছর অস্কারে মনোনীত ‘চেলো শো’ ছবিটি চর্চায় রয়েছে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে এই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৩৮
কোনও প্রেক্ষাগৃহ নয়, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই ছবির প্রদর্শনের ব্যবস্থা করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

কোনও প্রেক্ষাগৃহ নয়, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই ছবির প্রদর্শনের ব্যবস্থা করলেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

মায়ানগরী ছেড়ে আপাতত বিদেশেই সংসার প্রিয়ঙ্কা চোপড়ার। তবে বিদেশে থাকলেও তিনি যে মনেপ্রাণে এখনও ‘দেশি গার্ল’, তা আরও একবার প্রমাণিত হল। সুদূর মার্কিন মুলুকে অভিনেত্রী চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনীত ছবি ‘চেলো শো’-এর প্রদর্শনের আয়োজন করলেন। কোনও প্রেক্ষাগৃহ নয়, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই এই ছবির প্রদর্শনের ব্যবস্থা করলেন তিনি।

নলিন কুমার পাণ্ড্য ওরফে প্যান নলিনের ছবি ‘চেলো শো’। গত বছর জুন মাসে মুক্তি পায় এই ছবি। সিনেমার প্রতি অগাধ ভালবাসা থেকে স্বপ্নপূরণের প্রবল ইচ্ছা। গুজরাতের এক গ্রামের ন’বছর বয়সি বালক সময়। স্বপ্নপূরণ করতে গিয়ে সে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তা নিয়েই তৈরি এই ছবি। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে চলতি বছরের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে ‘চেলো শো’। সেই জন্যই লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছবির প্রদর্শনের আয়োজন করেন প্রিয়ঙ্কা। পরিচালক ছাড়াও প্রদর্শনে উপস্থিত ছিলেন, ছবির শিশু অভিনেতা ভাবিন রাবারি। এই অনুষ্ঠানের একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবির প্রদর্শনে সাবেকি গুজরাতি পোশাকে উপস্থিত হয়েছিল ভাবিন। অন্য দিকে নিজের জন্য কালো পোশাক বেছে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। প্রদর্শনের পর ভাবিনের সঙ্গে আলাদা করে কথাও বলেন ‘কোয়ান্টিকো’-খ্যাত অভিনেত্রী। এই ছবির প্রস্তুতির জন্য কোন ছবি দেখেছিল সে? প্রিয়ঙ্কার প্রশ্নে খুদে তারকার জবাব, ‘‘আমির খানের ‘দঙ্গল’।’’

প্রসঙ্গত, হলিউডের বেশ কিছু ছবির পর ফের হিন্দি ছবির কাজে ফিরছেন নিক জোনাসের ঘরনি। ফারহান আখতারের ছবি ‘জি লে জ়ারা’য় আলিয়া ভট্ট ও ক্যাটরিনা কইফের সঙ্গে কাজ করতে চলেছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি নিজের প্রসাধনী সংস্থার প্রচারে মুম্বইয়ে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Priyanka Chopra Los Angeles Screening hollywood Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy