Advertisement
E-Paper

Priyanka Chopra: কী? সাপুড়ের দেশ! বিদেশিদের এ বার ভারত চেনানোর ব্রত নিয়েছেন প্রিয়ঙ্কা

মার্কিন মুলুকে ঘর বাঁধলেও ভারতীয় রীতিনীতি, ঐতিহ্যে ঘর ভরে রেখেছেন বলিউড অভিনেত্রী। সব কিছু যেন সঙ্গে নিয়ে এসেছেন ঘরের মেয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৫:৫৪
মার্কিন মুলুকে দেশকে চেনাচ্ছেন প্রিয়ঙ্কা

মার্কিন মুলুকে দেশকে চেনাচ্ছেন প্রিয়ঙ্কা

জন্মের পর ১০০ দিন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিকু) কাটিয়ে সদ্য ঘরে ফিরেছে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের কন্যা মালতি। ক্যালিফোর্নিয়ার বাড়িতে মেয়েকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তারকা দম্পতির। সদ্য ঘটা করে লক্ষ্মী পুজো করেছেন প্রিয়ঙ্কা। সেই ছবি প্রকাশ্যে এসেছিল দিন কয়েক আগেই। পাজামা-কুর্তায় মার্কিন সঙ্গীত তারকা নিককে দেখাচ্ছিল ঠিক যেন ভারতীয় জামাইবাবুর মতো। সে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরাও।

মার্কিন মুলুকে ঘর বাঁধলেও ভারতীয় রীতিনীতি, ঐতিহ্যে ঘর ভরে রেখেছেন বলিউড অভিনেত্রী। সব কিছু যেন সঙ্গে নিয়ে এসেছেন ঘরের মেয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া বলেন, ‘‘ও দেশের মানুষের ভারত সম্পর্কে প্রচুর ভুল ধারণা রয়েছে। সে সব ভাঙতে চায় আমার মেয়ে।’’ কী ভাবে?

গর্বিত মধু বলেন, মেয়ে তাঁর বরাবরই গুণী। আমেরিকার সংসারেও কী ভাবে দেশি আদবকায়দা টিকিয়ে রেখেছেন প্রিয়ঙ্কা, না দেখলে তা বিশ্বাস হবে না!

প্রিয়ঙ্কা তাঁর মাকে বলেছিলেন, ‘‘আমেরিকানরা ভারত বলতে বোঝে মহারাজা, হাতির পাল আর সাপুড়েতে ভরা একটা দেশ! কিন্তু সত্যিই কি তাই? আমাদের সংস্কৃতি, ঐতিহ্যে যে কী অপার ঐশ্বর্য, তা ওঁদের কে শেখাবে, কে বোঝাবে!’’ সাগরপাড়ে সংসার পেতে সেই দায়িত্বই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রিয়ঙ্কা।

দীপাবলিতে নিয়ম করে লক্ষ্মী পুজো করা কিংবা হলিউডের বন্ধুদের সঙ্গে জমিয়ে হোলি খেলা— এ সবের মধ্যেই দেশকে ধরে রাখেন বলিউড অভিনেত্রী। ভারত সম্পর্কে যেখানেই দেখেন ভুল ধারণা গেঁথে বসে রয়েছে, প্রিয়ঙ্কা উদ্যোগ নেন আলো আনার।

মধু তাঁর মেয়ের হয়ে বলে চলেন, ‘‘কেবল অতীতের গৌরব নয়, ভারতে নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আইটি সংস্থা এবং উন্নত চিকিৎসা পরিকাঠামো রয়েছে। প্রযুক্তিতেও পিছিয়ে নেই দেশ। তা ছাড়া আমাদের সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, সব কিছুর পিছনেই অনেক ভাল কিছুও যে আছে, সে সবে অগাধ বিশ্বাস প্রিয়ঙ্কার। বিদেশি বন্ধুদের কাছেও সর্ব ক্ষণ নিজের দেশের পরিচয় দিয়ে চলেছে।"

২০১৮ সালে নিককে বিয়ে করেছিলেন প্রিয়ঙ্কা। বয়সে তিনি অভিনেত্রীর থেকে প্রায় এক দশকের ছোট। তবে মধুর দাবি, তাঁর মেয়ে কখনওই বয়সের ফারাক নিয়ে চিন্তিত ছিলেন না। নিক আর প্রিয়ঙ্কা একসঙ্গে ভাল আছেন, এটাই তো সবচেয়ে বড় কথা!

মেয়েকে কাছে পেয়েই এখন ফের কাজে মন দিয়েছেন ‘বরফি’র নায়িকা। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়ঙ্কাকে।

Priyanka Chopra California Indian rituals Nick Jonas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy