রাজপাল যাদব তিহাড় জেলে আত্মসমর্পণ করার পরে সাহায্যের হাত বাড়িয়েছিলেন সোনু সুদ। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিনেতাকে ভবিষ্যতে আরও কাজের প্রস্তাব দেওয়ার কথাও বলেছিলেন সোনু। জেল থেকে ছাড়া পেয়ে তাঁকেই কটাক্ষ করলেন রাজপাল?
তিহাড় জেল থেকে বেরোনোর পরে একাধিক বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন রাজপাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনুর প্রসঙ্গ উঠে আসে। সেখানে রাজপাল স্পষ্ট জানান, তিনি অন্যদের চার গুণ কাজ পান। অভিনেতার কথায়, “আমাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হবে, এই ভুল ধারণা এ বার বাদ দিন। কাজ চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, আমি জানি। কিন্তু আমার কাছে কাজ আছে। কাজেই আমি বাঁচি। অভিনয়টাই আমার কাছে সব। আমি এমন ভাবে কাজ করি যে, অন্যদের চার গুণ কাজ পাই। ছুটিতেও আমি কাজ করি।”
সোনুর কাজ দেওয়ার প্রসঙ্গ উঠতেই এমন জবাব দেন রাজপাল। ফেব্রুয়ারি মাসে তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। তাঁর বিরুদ্ধে ৯ কোটি টাকার ঋণ শোধ না করতে পারার অভিযোগ দায়ের হয়েছিল। এই অবস্থায় রাজপালকে সাহায্য করার কথা বলেছিলেন সোনু। তিনি জানিয়েছিলেন, তাঁর আসন্ন ছবিতে খলনায়কের চরিত্রে তিনি রাজপালকেই নেবেন। এমনকি, তাঁকে যাতে বেশি পারিশ্রমিক দেওয়া হয়, প্রযোজককে সেই অনুরোধও করবেন বলে জানিয়েছিলেন সোনু। রাজপালের অভিনয় দক্ষতারও প্রশংসা করেছিলেন তিনি। তা হলে কি বিষয়টি ভাল ভাবে নেননি রাজপাল?
রাজপাল সম্প্রতি আর এক সাক্ষাৎকারে জানান, তাঁর হাতে ১০০০ কোটি টাকার কাজ রয়েছে। ইতিমধ্যেই তিনি নাকি ১০টি ছবির চুক্তিতেও সই করে ফেলেছেন।