পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ৬৩ বছরের জন্মদিন ছিল ২৪ ফেব্রুয়ারি। প্রতি বছর পরিচালক তাঁর জন্মদিনে ঘনিষ্ঠ তারকাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও এ বার তেমন কিছুই শোনা যায়নি। বরং জন্মদিনেই তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ল। শোনা গেল, মুম্বইয়ের একটি হাসপাতালে নাকি ভর্তি করানো হয়েছে তাঁকে। অবশেষে এ নিয়ে মুখ খুলল পরিচালকের পরিবার।
এই মুহূর্তে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে ব্যস্ত পরিচালক। রণবীর কপূর, আলিয়া ভট্ট ও ভিকি কৌশল অভিনীত এই ছবির শুটিং শুরু হয়েছে ২০২৫ সালে, এখনও চলছে। সঞ্জয়ের বাকি ছবির মতোই বিশাল বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। তবে শুটিংয়ের শুরুর দিকে বারকয়েক আইনি জটিলতায় জড়ান সঞ্জয়। অনেকেই বলতে শুরু করেন নতুন ছবির কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক। যদিও অবশেষে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, সঞ্জয় সুস্থ আছেন। তাঁর শরীর ঠিক আছে। পরিচালকের অসুস্থতার খবর শুনে সকলে যে ভাবে তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, তার জন্য কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
সঞ্জয়ের পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সঞ্জয় একদম ভাল আছেন। তাঁকে নিয়মমাফিক চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং এতে কোনও চিন্তার বিষয় নেই। তবে আপনারা সকলে যে ওঁর প্রতি ভালবাসা জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, ওঁকে নিয়ে ভেবেছেন— তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের লাগাতার সমর্থনের জন্য ধন্যবাদ।’’