অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শাহরুখের সঙ্গে তাঁর একটি দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকার জন্য শুটিং সেটে বিশেষ খেয়াল রাখছেন বলিউডের বাদশা।
আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বাদও পড়েছিলেন বেশ কিছু কাজ থেকে। তবে শাহরুখের ‘লাকি চার্ম’ তিনি। দীপিকা থাকলেই নাকি তাঁর ছবি সফল। তাই আসন্ন ছবি ‘কিং’-এও রয়েছেন অভিনেত্রী। তিনি অন্তঃসত্ত্বা বলে বিশেষ ভাবে খেয়াল রাখছেন শাহরুখ নিজে।
শুটিং সেটের একটি মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছেন দীপিকা। সেই সময়ে তাঁর হাত ধরে সাহায্য করছেন শাহরুখ। দেখা যাচ্ছে, দীপিকার পরনে লাল রঙের শার্ট এবং রংবেরঙের প্যান্ট। অন্য দিকে শাহরুখ পরেছেন ছাই রঙের প্যান্ট ও কালো রঙের শার্ট। শাহরুখ ও দীপিকার এই ছবি দেখে আবেগপ্রবণ অনুরাগীরা।
আরও পড়ুন:
‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অভিনয়ের সফর শুরু করেছিলেন দীপিকা। সেই ছবি বিপুল জনপ্রিয় হয়েছিল। তার পরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বিল্লু’র মতো ছবিতেও কাজ করেছেন তাঁরা। ২০২৩ সালে প্রত্যাবর্তন হয় শাহরুখের। ‘পাঠান’ ছবিতে ফের জুটি বাঁধেন শাহরুখ ও দীপিকা। বক্সঅফিসে সাড়া ফেলে সেই ছবি। সেই বছরই শাহরুখের ‘জওয়ান’ ছবিতেও অভিনয় করেছিলেন দীপিকা। সেটি আরও জনপ্রিয় হয়েছিল। তার পর থেকেই দীপিকাকে নিজের ‘লাকি চার্ম’ মনে করেন শাহরুখ। তাই নিজের ‘লাকি চার্ম’-এর বিশেষ খেয়াল রাখছেন তিনি। ‘কিং’ ছবিতে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।