গত বছরের শেষেই ‘মন্নত’ ছেড়ে ভাড়াবাড়িতে গিয়ে উঠেছেন শাহরুখ খান। নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের সাধের ‘মন্নত’। স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে হচ্ছে গোটাটা। তাই বান্দ্রার সমুদ্রমুখী বাংলো ছেড়ে গোটা খান পরিবার উঠেছেন পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে। দ্বিতল বিশিষ্ট এই ফ্ল্যাটে শাহরুখ-গৌরী ছাড়াও তাঁদের সঙ্গে থাকেন সন্তানেরা ও কর্মচারীরা। শাহরুখের ভাড়ার এই ফ্ল্যাটটির বাড়িওয়ালা হলেন প্রযোজক বাসু ভগনানী ও তাঁর ছেলে জ্যাকি ভগনানী। ভাড়াটে হিসেবে শাহরুখকে পেয়ে কত নম্বর দিলেন তাঁরা?
গত বছরই দেনার দায় ডুবে গিয়েছিল জ্যাকিদের প্রযোজনা সংস্থা। সেই সময়ে তাঁদের পালি হিলের এই ফ্ল্যাটটির চারটি তলা মাসিক ২৪ লক্ষ টাকায় ভাড়া নেন শাহরুখ।
ভাড়াটে শাহরুখ সম্পর্কে জ্যাকি বলেন, “আমি শুধু প্রার্থনা করি, যেন আমি শাহরুখ স্যারের মতো একজন ভালো মানুষ হতে পারি। তাঁর যে খ্যাতির স্তর তা সাধারণের কল্পনাতীত।”
আরও পড়ুন:
অভিনেতা-প্রযোজক আরও জানান, শাহরুখ অত্যন্ত বিনয়ী। তিনি উল্টোদিকের মানুষটাকে গুরুত্বপূর্ণ অনুভব করানোর ক্ষমতা রাখেন। “যখন আপনি তার সাথে দেখা করেন এবং তিনি আপনার সাথে কথা বলেন, তখন তিনি কেবল আপনার সাথেই কথা বলেন। একজন মানুষের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক। আপনি যে কেউ হতে পারেন। তিনি উপস্থিত থাকেন। আপনার কথায় মনোযোগ দেবেন। যে কেউ আসুক তাঁর বাড়িতে, একেবারে দরজা পর্যন্ত ছেড়ে আসেন। আসলে, তিনি দশে এগারো।’’
‘মন্নত’-এর অন্দরসজ্জায় আমূল বদল হবে। সেই সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। তাই আপাতত ‘মন্নত’ ছেড়ে পালি হিলের বাড়িতে থাকছে খান পরিবার। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে বলে খবর। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে। শোনা যাচ্ছে, ২০২৭ সালে নতুন ‘মন্নত’-এ প্রবেশ করবেন শাহরুখ।