Advertisement
E-Paper

হেলিকপ্টারে ‘প্রিন্স’, মিসাইলে পিয়ানোর রিড! শাকিব খানের ছবির ‘ফার্স্ট লুক’ আনন্দবাজার ডট কম-এ

শাকিব-জ্যোতির্ময়ীকে পর্দায় কতটা মানাবে? শ্রীলঙ্কায় কেমন চলছে তাঁদের শুটিং? সেই খবর প্রথম জানাচ্ছে আনন্দবাজার ডট কম।

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭
ইদে আসছেন

ইদে আসছেন

হেলিকপ্টারে শাকিব খান! হাতের মিসাইলেই পিয়ানোর রিড! চোখ রোদচশমায় ঢাকা। সূর্যের আলো যেন ম্লান তাঁর তেজের কাছে! এ ভাবেই তাঁর ইদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’য় দেখা দেবেন দুই বাংলার নায়ক। সেই লুক প্রথম প্রকাশ্যে এল আনন্দবাজার ডট কম-এর পাতায়।

মোশন পোস্টারের ট্যাগলাইন, ‘একটা শহর, একটা উপাখ্যান—ঢাকা এবার বলবে ‘প্রিন্স’ এর গল্প’! রোমান্স থেকে অ্যাকশন— সব উপাদান থাকবে ‘প্রিন্স’ ছবিতে। নব্বইয়ের দশকের ঢাকার এক বিশেষ সময় ছবির পটভূমিকায়। এ কথা আনন্দবাজার ডট কম-কে প্রথম জানিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ছবির দৃশ্যগুলিকে জীবন্ত করতে ‘টিম প্রিন্স’ বেছে নিয়েছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

ছবির শুটিংয়ের কারণে গত ১০ দিন শ্রীলঙ্কায় একসঙ্গে শাকিব খান-জ্যোতির্ময়ী কুন্ডু। বসন্ত আসার আগেই নাকি তাঁদের রোমান্সে শ্রীলঙ্কার সমুদ্র উত্তাল!

গত ১০ দিন ধরে কী ধরনের দৃশ্যে অভিনয় করেছেন নতুন জুটি? খবর, মূলত প্রেমের দৃশ্যই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। নতুন জুটি হলেও ক্যামেরার সামনে দু’জনেই সাবলীল, জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী। তাঁর মতে, পর্দায় নায়ক-নায়িকাকে পছন্দ হবে দর্শকের। বন্দি হওয়া ছবির দৃশ্য দেখে নাকি আগাম ধারণা পরিচালকের। তবে শুধুই প্রেম নয়, অ্যাকশন দৃশ্যেও সম্ভবত দেখা যাবে নায়িকাকে। নব্বইয়ের দশকের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে ছবিতে ধরা দেবেন জ্যোতির্ময়ী। যদিও ছবিতে শাকিবের দুই নায়িকা। কলকাতার জ্যোতির্ময়ীর সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের তাসনিয়া ফারিণকে।

শাকিব খানের আগামী ছবির প্রথম লুক।

শাকিব খানের আগামী ছবির প্রথম লুক। ছবি: সংগৃহীত।

শাকিবের বিষয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী। নায়ক নিজের ‘স্টারডম’ বুঝতে দেন না, দাবি নায়িকার। আনন্দবাজার ডট কম-কে আগে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, “সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় একেবারে মাটির কাছাকাছি। প্রচণ্ড সহযোগিতা করেন। উনি খ্যাতনামী, বুঝতেই দেন না।”

এখনও ২০ দিনের শুটিং বাকি। অর্থাৎ, এক মাস ধরে গোটা দল শ্রীলঙ্কায়। বাজেট-সাশ্রয়ী বলেই কি এত দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং করার কথা ভাবা হয়েছিল? পরিচালক ছবির বিষয়ে নীরব। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধুই সাশ্রয়ের দিকটি দেখা হয়নি, নব্বই দশকের সমাজ, পরিস্থিতি, চারপাশ যেমন ছিল, তার অনেকটাই পাওয়া গিয়েছে ভিন্‌দেশে। সেই কারণেই লম্বা সময় ধরে শুটিং হচ্ছে সেখানে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy