শাহরুখ খানের সঙ্গে কিছুতেই বনিবনা হল না তাঁর। এই আক্ষেপ বুঝি যাওয়ার নয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে আবারও সরব। সেখানেই তিনি জানিয়েছেন, শাহরুখ ভীষণ অহঙ্কারী। গায়কও আত্মসম্মান খুইয়ে নায়কের কাছে মাথা নোয়াতে রাজি নন। ফলে, মনোমালিন্য মিটলই না!
নব্বইয়ের দশক থেকে ২০০০ সাল। শাহরুখ আর অভিজিৎ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ‘ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউঁ’, ‘বড়ি মুশকিল হ্যায়’, ‘চলতে চলতে’, ‘জ়রা সা ঝুম লু ম্যায়’, ‘তওবা, তুমহারে ইয়ে ইশারে’, ‘ওহ, লড়কি সবসে অলগ হ্যায়’, ‘বাদশাহ ও বাদশাহ’, ‘তুমহে যো ম্যায়নে দেখা’, ‘ম্যায় হুঁ না’— নায়ক-গায়ক জুটির একের পর এক গান হিট। সে প্রসঙ্গ উঠতেই অভিজিৎ স্বীকার করে নিয়েছেন, “জানেন, খুব গর্ব হত। একটা সময় ঠিক করেছিলাম, আমাদের জুটি দর্শক-শ্রোতার এত পছন্দ। তা হলে শাহরুখের জন্যই শুধু গাইব। সেই জায়গা থেকে ওঁর আচরণ খুব আঘাত করেছিল।”
কী নিয়ে শাহরুখ-অভিজিতের দ্বন্দ্ব শুরু? একাধিক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, শাহরুখ অভিনীত এবং প্রযোজিত ‘ম্যায় হুঁ না’ ছবিতে তাঁর গাওয়া গানের জন্য যথাযথ কৃতিত্ব নাকি গায়ক পাননি। এতে তিনি অপমানিত বোধ করেছিলেন। সেই যে দূরত্ব তৈরি হল, আজও ঘুচল না। অভিজিতের কথায়, “এমনও হয়েছে, একই অনুষ্ঠানে আমরা উপস্থিত। শাহরুখ বাকিদের জড়িয়ে ধরলেন। কেবল আমি বাদ। আরও উপেক্ষিত মনে হয়েছিল তাতে।” গায়কের মতে, নায়ক যদি তাঁকে জড়িয়ে ধরে সব ভুলে যেতে বলতেন, তিনি তৎক্ষণাৎ সেটাই করতেন। “শাহরুখ জড়িয়ে ধরে অনুরোধ করলে সব অপমান, অভিমান, ক্ষোভ ভুলে যেতাম। সেটাই তিনি করতে পারলেন না!”
আরও পড়ুন:
অথচ অভিজিৎ দেখেছেন, প্রকাশ্যে শাহরুখকে নাকি ফরাহ খানের স্বামী অপমান করেছেন। তার পরেও তাঁকে জড়িয়ে ধরেছেন নায়ক। আমির খান পর্দার ‘বাদশা’ খানের নামে নাকি কুকুর পুষেছিলেন! দাবি অভিজিতের। গায়কের আক্ষেপ, তার পরেও তাঁরা দু’জনে ‘বন্ধু’। অথচ, অভিজিতের বেলায় এতটাই তাঁর অহংবোধ জেগে উঠল যে, একবার ‘ক্ষমা’ও চাইতে পারলেন না শাহরুখ। অভিমানী গায়ক বলেছেন, “আমার বিশ্বাস, একদিন শাহরুখও ঠিক এই আচরণটাই ফেরত পাবেন। হয়তো ওঁর নিজের প্রযোজনা সংস্থার কাছ থেকেই।”