Advertisement
E-Paper

গানের ভিডিয়োতে মুখ দেখাতেই হয়, চুল ঠিক করতে আপত্তি নেই অরিজিতের, আসছেন কি অভিনয়ে?

বলিউডে তাঁর অগ্রজ অনেক গায়ক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, এমনকি ছবিতে নায়কও হয়েছেন। অরিজিৎকেও বেশ কয়েকটি গানের দৃশ্যে দেখা গিয়েছে অন্য রকম লুকে। সেটুকুতেই মন ছুঁয়েছেন তিনি। এ বার কী পরিকল্পনা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৮:৩০
 Singer Arijit Singh shares if he wants to join acting or not

বার বার অরিজিৎ ছুটে আসেন নিজের ভিটেমাটির টানে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। —ফাইল চিত্র

দেশ-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী। গান গেয়ে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করেছেন বাংলার অরিজিৎ সিংহ। নিজে যদিও গ্ল্যামারের ঝলকানি এড়িয়ে চলতে চান, আত্মপ্রচারও তাঁর পছন্দ নয়।

এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে রয়েছে তাঁর নাম। তবু বার বার অরিজিৎ ছুটে আসেন নিজের ভিটেমাটির টানে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আবার চলে যান শো করতে কখনও শিলিগুড়ি, কখনও ব্যাঙ্গালোর। গান তো রয়েছেই, তবে পুরোদস্তুর অভিনয়েও কি কখনও দেখা যাবে তাঁকে? তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনুরাগীরা।

অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গানেই মন দিতে চান তিনি। অভিনয় তাঁর ক্ষেত্র নয়। তবে মিউজ়িক ভিডিয়োর দৌলতে তো ক্যামেরার সামনে আসতেই হয় মাঝেমধ্যে। বলিউডে তাঁর অগ্রজ অনেক গায়ক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, এমনকি ছবিতে নায়কও হয়েছেন। অরিজিৎকেও বেশ কয়েকটি গানের দৃশ্যে দেখা গিয়েছে অন্য রকম লুকে। সেটুকুতেই মন ছুঁয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে অরিজিতের সাফ জবাব ছিল, “আমি অভিনেতা নই, অভিনয় জানি না একেবারেই। অভিনয় করাতে হলে শিখিয়ে নিতে হবে আমায়। এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।”

অরিজিৎ জানান, একটা গিটার হাতে তাঁকে বসিয়ে দিলেই হয়। এর বাইরে আর কোনও দিকে তাঁর খেয়াল থাকে না। পোশাক থেকে শুরু করে রূপটান— এ সব নিয়েও তিনি একেবারেই চিন্তিত নন। হাসতে হাসতে বলেন, “শুটিংয়ের আগে এক পরিচালক আমায় কিন্তু কিন্তু করে অনুরোধ করেছিলেন, যদি চুলটা একটু ঠিক করে নিই...আমি বলি, হ্যাঁ, এটুকু তো করতেই পারি!”

কী ভাবে এত খ্যাতি-প্রতিপত্তির মধ্যেও সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ, এ প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “আমি এ ভাবেই থাকতে পছন্দ করি। এ ভাবেই ভাল আছি।”

তা বলে সম্পত্তির পরিমাণ কিছু কম নেই অরিজিতের। টেক্কা দিতে পারেন বড় বড় বলিউড তারকাদের। কিন্তু দেশে-বিদেশে শো করে, সিনেমার গান গেয়ে যে অর্থ উপার্জন করেন, তা অরিজিৎ খরচ করেন কী ভাবে?

সূত্রের দাবি, অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকার। শোনা যায়, গানপিছু তিনি নেন ১৫ থেকে ২৫ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে লাইভ শো। শো-পিছু যে পারশ্রমিক নেন, তার কিছুটা হেরফের হলেও মোটামুটি কোটির উপরেই থাকে সেই অঙ্ক। তবে অনেকেই হয়তো জানতে উৎসুক, রোজগার বাবদ অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কী ভাবে? জীবনযাপনের ক্ষেত্রেও ভীষণ সাদামাঠা থাকতেই পছন্দ করেন অরিজিৎ। বড় মাপের গায়ক, কিন্তু দামি গাড়ি নেই। সাধারণ মধ্যবিত্তদের মতোই তাঁর বিচরণ। যদিও সম্প্রতি ম্যানেজারের পরামর্শে বড় গাড়ি কিনতে বাধ্য হয়েছেন অরিজিৎ।

Arijit Singh Acting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy