Advertisement
E-Paper

Aye Khuku Aye: বাবা-মেয়ের সম্পর্ক চিরন্তন, ‘আয় খুকু আয়’ দেখে সানাকে মনে করলেন সৌরভ? 

পয়লা বৈশাখ প্রকাশ্যে এসেছে শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবির টিজার। তাই দেখে আরও একবার বাবা-মেয়ের সম্পর্ককে যেন নতুন করে অনুভব করলেন বাংলার ‘মহারাজ’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ২৩:১৫
বাবা-মেয়ের সম্পর্ককে যেন নতুন করে অনুভব করলেন সৌরভ

বাবা-মেয়ের সম্পর্ককে যেন নতুন করে অনুভব করলেন সৌরভ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দিতিপ্রিয়া রায় স্মৃতিকাতর করে তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পয়লা বৈশাখ প্রকাশ্যে এসেছে শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবির টিজার। তাই দেখে আরও একবার বাবা-মেয়ের সম্পর্ককে যেন নতুন করে অনুভব করলেন বাংলার ‘মহারাজ’। নতুন করে আরও একবার কন্যা সানার ছোট থেকে বড় হয়ে ওঠা বুঝি ফ্ল্যাশব্যাকে দেখে উঠলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। সেই অনুভূতি তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। লিখেছেন, ‘বাবা-মেয়ের সম্পর্ক চিরকালীন।’ সৌরভের প্রতিক্রিয়ার আপ্লুত প্রসেনজিৎ। তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতিকে। তাঁর কথায়, ‘আমি জানি, বাবা-মেয়ের এই সম্পর্ক আপনার কাছে কতখানি। আপনার এবং সানার জন্য অনেক ভালবাসা।’

আনন্দবাজার অনলাইনের কাছে পরিচালকের দাবি, একই সঙ্গে ইতিহাসও গড়েছেন সৌরভ। এই প্রথম কোনও ছবির টিজার দেখে এ ভাবে অনুভূতি ভাগ করে নিলেন ‘দাদা’। জিৎ’জ ফিল্মওয়র্ক প্রযোজিত ছবির পটভূমিকায় বাবা-মেয়ের সম্পর্ক। যা খুবই কম দেখানো হয়েছে বাংলা ছবিতে।

প্রসেনজিৎ ওরফে নির্মল মণ্ডল ট্রেনের হকার। তাঁর এক মাত্র মেয়ে বুড়ি ওরফে দিতিপ্রিয়া। কী ভাবে অভাব-অনটনের মধ্যে দিয়ে নির্মল মেয়েকে বড় করবেন, পৌঁছে দেবেন বিয়ের পিঁড়িতে--- সেই গল্পই বলবে ‘আয় খুকু আয়’।

এই দুই তারকা অভিনেতা ছাড়াও বিশেষ ভূমিকায় অভিনয় করবেন রফিয়াত রশিদ মিথিলা। থাকছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বসু। শুক্রবার ঠিক বেলা বারোটায় সামনে আসে শৌভিক কুণ্ডুর বহু প্রতীক্ষিত ছবির ঝলক। ‘বুম্বাদা’র হাত ধরে দর্শক ওই দিন প্রথম পা রাখেন নির্মল-বুড়ির সংসারে। সেখানে প্রাচুর্য নেই। কিন্তু শান্তি, ভালবাসা অফুরন্ত। সেখানে বাবা নিজের হাতে চুল বেঁধে সাজিয়ে দেন মেয়েকে। দোলনায় বসিয়ে দুলিয়ে দেন নিজের হাতে।

এ ভাবেই সময় পেলে কোলেপিঠে করে সানাকেও তো বড় করেছেন সৌরভ?

Ditipriya Roy Sourav Ganguly Prasenjit Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy