কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়ের আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। কারাবাস থেকেই প্রেমিকাকে নানা উপহার ও প্রেমপত্র পাঠাতেন। আশ্বাস দিতেন, খুব শীঘ্রই তিনি দেখা করবেন প্রেয়সীর সঙ্গে। সুকেশের সেই ইচ্ছা কি পূরণ হতে চলেছে? মঙ্গলবার দিল্লির এক আদালত আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছে।
আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের বেশি কাউকে আটক করে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশকে এই মামলায় জামিন দেওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থার মতে, এই মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একটি বড় প্রতারণামূলক নেটওয়ার্কের যোগাযোগের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েক বছর ধরেই তিনি তদন্তের আওতায় রয়েছেন। তবে জামিন পেলেও সুকেশ এখনই সংশোধনাগার থেকে বেরোতে পারবেন না। বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু এখনও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল সুকেশের বিরুদ্ধে। তাঁর জন্য জ্যাকলিনও এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।
আরও পড়ুন:
সুকেশের থেকেই নিয়মিত দামি উপহার পেয়েছেন অভিনেত্রী। তাই জড়িয়েছিলেন মামলাতেও। যদিও তিনি আবেদন করেছিলেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। সেই আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। উপরন্তু আদালত জানিয়েছিল, তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করছেন জ্যাকলিন। এমনকি, আর্থিক তছরুপের মামলায় প্রমাণ লুকোনোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।