গুঞ্জন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন থলপতি বিজয়। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যার জেরে ২৭ বছরের দাম্পত্যজীবনে চিড় ধরেছে অভিনেতার। তাঁদের নিয়ে এই জল্পনার মধ্যেই চেন্নাইয়ে বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন বিজয় ও তৃষা। অনেকের মতে, সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা! তবে তৃষার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত নাকি আগেই দিয়েছিলেন অভিনেতা।
২০০৪ সালে ‘গিল্লি’ ছবির মাধ্যমে তৃষা ও বিজয়ের রসায়ন দর্শকের মন জয় করে। এর পরে তাঁরা ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘কুরুভি’-র মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেন। বিজয় এবং তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু দিনের। ২০০৮ সালের পরে একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তাঁরা। কারণ, তাঁদের রসায়ন ছায়া ফেলেছিল বিজয়ের সংসারে। তৃষার সঙ্গে নাকি ছবি না করার শর্ত চাপিয়েছিল অভিনেতার পরিবার। সেই সময় তাঁরা ঘোষণাও করেন, সবটাই রটনা। তাঁরা শুধুই বন্ধু।
আরও পড়ুন:
দীর্ঘ ১৪ বছরের বিরতির পরে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লিয়ো’ ছবিতে তাঁদের আবার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাতেই নতুন করে গুঞ্জন তৈরি হয়। যদিও তাঁর আগে ২০২২ সালে তাঁরা নাকি একসঙ্গে আমেরিকায় ঘুরতে যান। তৃষা সমাজমাধ্যমে নিজের একটি জুতোর ছবি দেন, পরবর্তী কালে ওই একই জুতো থলপতির পায়েও দেখা গিয়েছে। তারও বছর দুয়েক আগে এক অনুষ্ঠানে এসে থলপতি বলেন, ‘‘তৃষাকে এত বছর ধরে চিনি। এত দিনের বন্ধুদের সঙ্গে কাজ করা মানে, নিজের বাড়িতে ফিরে আসা। আর তৃষা সত্যিই একেবারে রাজকন্যা।’’ পাল্টা তৃষাও একসময় জানান, তাঁর ১৯ বছর বয়স থেকে থলপতির সঙ্গে পরিচয়। এতগুলো বছর পরে এখন তাঁর কাছেও থলপতি নিজের পরিবারের মতো।