শখ করে লেবুর চারা বসিয়েছিলেন। প্রথম দিকে গাছ বাড়লেও, হঠাৎ করে বৃদ্ধি থমকে গিয়েছে? পাতাও হলুদ? সমস্যা যে হচ্ছে, তা স্পষ্ট। কিন্তু কোথায়, কী ভাবে তাপ মূলে পৌঁছবেন?
লেবু গাছ শুকিয়ে যাওয়া বা মৃতপ্রায় হয়ে ওঠার পিছনে নানা কারণ থাকে। অনেক সময় উপর উপর তা বোঝা যায় না। প্রথমেই পরীক্ষা করে দেখুন মাটি কেমন আছে? মাটির মধ্যে কি সব সময় ভিজে ভাব থেকে যাচ্ছে?
উদ্যানপালকেরা পরামর্শ দিচ্ছেন, গাছের বিভিন্ন অংশ পরীক্ষা করার। দেখুন, শিকড় কী অবস্থায় রয়েছে। টবে উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা না থাকলেও শিকড় পচে যেতে পারে। আর তার ফলেই গাছ শুকিয়ে যেতে পারে। শিকড় যদি ঠিকমতো না বাড়ে, তা হলে নতুন করে মাটি তৈরি করে গাছটিকে নতুন টবে প্রতিস্থাপন করতে হবে। অনেক সময় নার্সারি থেকে কেনা চারার সঙ্গে এঁটেল মাটি থাকে। সেই মাটি-সহ গাছ বসিয়ে দিলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। নার্সারি থেকে চারা কিনলে, গাছের গোড়ার মাটি কিছুটা জলে ধুয়ে তার পরে গাছ বসানো ভাল।
অনেক সময় গোড়া পচে যায় না, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। জল কম বা বেশি হলে এমনটা হতে পারে। আবার যদি গাছ বেড়ে ওঠার জন্য মাটি থেকে ঠিকমতো রসদ সংগ্রহ করতে না পারে, তা হলেও বৃদ্ধি থমকে যেতে পারে। মাটিতে ভুল সার প্রয়োগ করলে, অম্ল-ক্ষারের মাত্রা ঠিক না থাকলেও লেবু গাছের বৃদ্ধি থমকে যেতে পারে।
সমাধানের জন্য প্রথমেই গাছটিকে পুরনো টব থেকে তুলে নতুন মাটিতে প্রতিস্থাপন করতে হবে। তার আগে শিকড় ফাঙ্গিসাইড যুক্ত জলে শোধন করে নেওয়া ভাল। তাতে গাছে ছত্রাক বা রোগের আক্রমণ হবে না।
আধ বালতি জলে ১ চা-চামচের মতো ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের শিকড় ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন।
মাটি: মাটির টবেই গাছ বসানো ভাল। বেলে কিংবা দোআঁশ মাটি হলে তার সঙ্গে কোকোপিট এবং, ভার্মি কম্পোস্ট, গোবর সার মিশিয়ে মাটি তৈরি করে নিন। মাটি হবে ঝুরঝুরে, যাতে জল দ্রুত বেরিয়ে যেতে পারে।
নতুন করে গাছ বসানোর পরে আলো, হাওয়া, জলের দিকটি খেয়াল রাখুন। টবের মাটি শুকিয়ে গেলে তবেই পরের বার জল দিতে হবে। গাছ বেড়ে ওঠার পরিবেশ পেলে, আবার পাতা সবুজ এবং সতেজ হয়ে উঠবে। ফিরবে প্রাণের লক্ষণ।