Advertisement
E-Paper

বড় পর্দা, সিরিজ়ের পর এ বার বাংলা সিরিয়ালের নতুন নায়ক অনুভব কাঞ্জিলাল! নায়িকা কে?

ছোট পর্দায় হাতেখড়ি হতে চলেছে অনুভব কাঞ্জিলালের। টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন। কোন নায়িকার বিপরীতে দেখা যাবে অভিনেতাকে?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৮:৪১
Anubhav Kanjilal

অনুভব কাঞ্জিলাল। ছবি: সংগৃহীত।

ইন্ডাস্ট্রিতে বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর বেশ কিছু ওয়েব সিরিজ়ে কাজ করেছেন তিনি। এ বার নাকি ছোট পর্দায় নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। তাঁকে এত দিন বড় পর্দায়ই দেখেছেন দর্শক। এ ছাড়াও তাঁর অভিনীত ‘সম্পূর্ণা’ সিরিজ়টি নিয়ে হয়েছিল বিপুল চর্চা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বাংলা সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে। অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। হিয়াকে আগে ‘নয়নতারা’ সিরিয়ালে দেখেছেন দর্শক। এই নতুন জুটিকে নিয়ে নাকি কথাবার্তাও এগিয়ে গিয়েছে অনেকটাই।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর জোরদার ওয়ার্কশপও চলছে তাঁদের। শোনা যাচ্ছে, ‘জি বাংলা’র নতুন সিরিয়ালের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এই সিরিয়ালে নাকি শুধু অনুভব এবং হিয়া নয়, দেখা যাবে আরও এক নতুন জুটিকে। শোনা যাচ্ছে, জুটি বাঁধতে চলেছেন গৌরব মণ্ডল এবং ঐন্দ্রিলা বসু। এখনও যদিও কিছুই চূড়ান্ত হয়নি। সদ্য লুক সেট হয়েছে। প্রোমোর শুটিং হওয়ার কথা। তবে তার আগে অভিনেতাদের সংশ্লিষ্ট চরিত্র হয়ে ওঠার প্রশিক্ষণ চলছে।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় অনুভবের সঙ্গে। তিনি বলেন, “ছোট পর্দায় মুখ্য চরিত্রে অভিনয়ের একটা সুযোগ এসেছে। খুব প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। তাই সঠিক ভাবে এই মুহূর্তে কিছুই বলার অবস্থায় নেই।” এই মুহূর্তে অভিনেতার একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায়। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘বড়বাবু’ এবং ‘সাজঘর’ ছবি দুটি।

অন্য দিকে, ব্যক্তিগত সম্পর্কের কারণে গৌরবকে নিয়েও আলোচনা হয়েছে বিপুল। ইস্কনের শিষ্যা চিন্তামণি ডায়নার সঙ্গে বাগ্‌দান পর্বও সেরে ফেলেছেন অভিনেতা। বেশ কিছু দিন আগে তিনি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন যে, তিন মাসের মধ্যে তাঁর নতুন কোনও ধারাবাহিক আসতে পারে। তবে কি এই সিরিয়ালেই দেখা যাবে তাঁকে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Anubhav Kanjilal Tollywood Actor Bengali Serial TV debut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy