গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৬। অভিযোগ, পর্যটকদের মধ্যে বেছে বেছে পুরুষদের ‘টার্গেট’ করেছিল জঙ্গিরা। তার কয়েকদিনের মধ্যে প্রত্যাঘাত হানতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। সেই ঘটনা নিয়েই ছবি তৈরি করছেন বিবেক অগ্নিহোত্রী। ছবির জন্য নাকি ঘটনার সবটা খতিয়ে গবেষণা করা হয়েছে।
এই ছবিতে ভূষণ কুমারের সঙ্গে জোট বেঁধেছেন বিবেক অগ্নিহোত্রী। ভূষণ কুমার সহ-প্রযোজনা করবেন। পহেলগাঁও কাণ্ড ও অপারেশন সিঁদুরের কথা উঠে এলেও এই ছবি কোনও চাঞ্চল্য তৈরি করবে না, বরং ছবিতে থাকবে বিশদ তথ্য। এমনই জানান বিবেক।
বিবেকের বিরুদ্ধে এর আগেও ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরি করার অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে এই ছবি নিয়ে বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, “‘অপারেশন সিঁদুর’ ছবির জন্য আমি ও ভূষণ কুমার জোট বেঁধেছি। পাকিস্তান তার পারমাণবিক শক্তি নিয়ে যা গল্প শোনায়, তার কতটা সত্যি ও কতটা মিথ্যে— সেটা ফাঁস করে দিয়েছিল অপারেশন সিঁদুর।”
আরও পড়ুন:
বিবেকের এই কাজও কি একপেশে ছবি হয়ে উঠবে? এই প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। পরিচালক তাঁর সমাজমাধ্যমে লেখেন, “ভারতীয় সেনার নানা শাখার সঙ্গে জোট বেঁধে গবেষণা করা হয়েছে এই ছবির জন্য। বাস্তব থেকে উঠে এসেছে এই ছবি। কোনও চাঞ্চল্য তৈরি করতে নয়। সত্যিটা সবার সামনে আনতে এই ছবি তৈরি করা হচ্ছে। এখানে সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গে তুলে ধরা হবে। সঙ্গে অবশ্যই সিনেমার ম্যাজিকও থাকবে।”
উল্লেখ্য, এর আগে বিবেকের তৈরি ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ও ‘দ্য বেঙ্গল ফাইল্স’ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।