ফেব্রুয়ারির শুরুতেই মুম্বই থেকে জিয়াগঞ্জে সদলবলে ছুটে যান আমির খান। দিনতিনেক ছিলেন অরিজিৎ সিংহের বাড়িতে। এর ঠিক কিছু দিন আগেই অরিজিৎ ঘোষণা করেছিলেন, তিনি আর সিনেমার গানে কণ্ঠ দেবেন না। অনেকেই ভেবেছিলেন আমির হয়তো অরিজিতের মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। কী কথা হয়েছিল দুই তারকার মধ্যে, তা জানতে উদ্গ্রীব ছিলেন অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে সেই কথোপকথন।
ছেলে জুনেইদের নতুন ছবির জন্য অরিজিতের বাড়িতে ছুটে যান আমির। জুনেইদ ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির গান গাওয়ানোর জন্যই সুরকার রাম সম্পত ও পরিচালক সুনীল পাণ্ডে-সহ কয়েক জন সহকারীকে নিয়ে জিয়াগঞ্জে গিয়েছিলেন আমির। এই কথা আমিরের প্রযোজনা সংস্থার তরফেই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল পরে। তবে সেখানে কী কথা হয়েছিল দুই তারকার মধ্যে?
প্রকাশ্যে এল একটি মিউজ়িক ভিডিয়ো। সেই গানই শোনা যাচ্ছে ভিডিয়োয়, কিন্তু তাতে নেই ছবির কোনও দৃশ্য। বরং রয়েছে অরিজিতের বাড়িতে, পাড়ায় কাটানো আমিরের নানা মুহূর্ত। সেখানেই অরিজিতের উদ্দেশে আমিরকে বলতে শোনা গেল, ‘‘তুমি হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? কেন? এ বার আমাদের কী হবে!’’ খানিক লজ্জিত হয়েই মাথা নাড়তে থাকেন অরিজিৎ। মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। বাকি ভিডিয়ো জুড়ে কখনও দেখা গেল ঘুড়ির কল খাটাচ্ছেন আমির, কখনও সবাই মিলে মেঝেতে পাত পেড়ে খাওয়াদাওয়া সারছেন। সবশেষে ফেরার পথে আমিরের পা ছুঁতেই পাল্টা অরিজিৎকেও পাঁ ছুঁয়ে প্রণাম করেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ভিডিয়োর একেবারে শেষ দৃশ্যে জুনেইদ ও সাই পল্লবীর ছবির একটি দৃশ্য দেখা যায়। এই ভিডিয়ো মন ছুঁয়েছে অনুরাগীদের।
‘লাল সিংহ চড্ডা’ ছবিতে কাজের সুবাদে অরিজিতের সঙ্গে বন্ধুত্ব আমিরের। ওই ছবির নায়ক ছিলেন আমির। তাঁর ঠোঁটে শোনা গিয়েছিল অরিজিতের গান। খুব অল্প সময়ে বন্ধুত্ব গাঢ় হয় তাঁদের। পরস্পরের সঙ্গে কাজ করতেও নাকি তাঁরা স্বচ্ছন্দ। এর আগে একাধিক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তিনি অরিজিতের গানের ভক্ত।