প্রথম ছোট ছবি ‘এবং ছাদ’। তার পর বিজ্ঞাপন চিত্র। এ বার রবীন্দ্রসঙ্গীতের মিউজ়িক ভিডিয়ো পরিচালনা করলেন শ্রীলেখা মিত্র। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই হাসতে হাসতে তাঁর দাবি, “ধাপে ধাপে এগোচ্ছি। সব ধরনের পরিচালনার কাজে হাত পাকাচ্ছি। বলতে পারেন শিক্ষানবিশি চলছে।”
‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’। ধীর লয়ের এই গানটিই বেছে নিয়েছেন শ্রীলেখা। কণ্ঠে বিপাশা সেন রায়। অভিনয়ে সোমু সরকার, সুদীপ মুখোপাধ্যায় এবং শ্রীলেখা নিজে। “এ রকম গান বাছার নেপথ্যে অনেক কারণ আছে। এক, রবীন্দ্রসঙ্গীতশিল্পী হয়েও বিপাশা সাধারণত মঞ্চে হিন্দি ছায়াছবির গান গেয়ে অভ্যস্ত। এই প্রথম রবি ঠাকুরের গানের মিউজ়িক ভিডিয়োয় গাইল।” চ্যালেঞ্জ পরিচালকের কাছেও। “হিংসায় উন্মত্ত পৃথিবীতে প্রেমের বার্তা কেউ দেয় না! সেই দায়িত্ব না হয় আমিই নিলাম! রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান ভালবাসার কথা বলবে। অনেক দিন প্রেমের কথা বলা হয়নি। এখন আর কেউ প্রেমের কথা বলেন না। আমার মিউজ়িক ভিডিয়োয় পুরনো প্রেমের গন্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা।”
(বাঁ দিক থেকে) বিপাশা সেন রায়, সোমু সরকার, শ্রীলেখা মিত্র, সুদীপ সরকার। ছবি: ফেসবুক।
আরও কারণ, “এই প্রজন্ম ফিউশন রবীন্দ্রসঙ্গীত শুনে অভ্যস্ত। ‘পাগলা হওয়া’র সঙ্গে ‘উ-লা-লা’ জুড়ে দেয়। আমি সেটা পারব না। এই প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীতকে তার মতো করেই পরিবেশন করেছি। ভিডিয়োয় তাই পুরনো বাড়ি, চিক ঢাকা বারান্দা, লাল মেঝে।” সামনে আন্তর্জাতিক নারী দিবস। এই গান পরিচালক-অভিনেত্রী সমস্ত নারীর উদ্দেশে নিবেদন করতে চান।
আরও পড়ুন:
ছবি পরিচালনা আর মিউজ়িক অ্যালবাম পরিচালনা কি এক? “দুটো কাজ দু’রকমের। কিন্তু আমার আত্মবিশ্বাস আছে। আর সবার থেকে খুবই সহযোগিতা পেয়েছি”, দাবি শ্রীলেখার। তিনি বলেছেন, “তাই বেশি অভিনয় করিনি। পরিচালনার পাশাপাশি অভিনয় করলে সেটা ঘেঁটে যায়।” তিনি এই ছবির প্রোডাকশন ডিজ়াইন, এমনকি সকলের পোশাকও নির্বাচন করছেন। “সোমু আপ সুদীপকে হলুদ আর কমলা পরিয়েছি। আমি সাদা। কণ্ঠশিল্পী বিপাশাকে জমকালো সাজে সাজিয়েছি।” এ ভাবে নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে ভাল লাগছে শ্রীলেখার। “দেখে নিচ্ছি, কোথায় কী কী খামতি রয়েছে। আগামী দিন আরও কত নিখুঁত হতে হবে।”