গত কয়েক সপ্তাহে টিআরপি-তে খুব বেশি বদল দেখা যায়নি। তবে চলতি সপ্তাহের তালিকায় হয়েছে অনেক পরিবর্তন। যেমন প্রথম পাঁচে যোগ হয়েছে নতুন নাম। তেমনই আবার ছিটকে গিয়েছে আলোচিত ধারাবাহিক। তা হলে শীর্ষস্থানে রইল কোন ধারাবাহিক?
বেশ কিছু দিন ধরে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক নিয়ে আলোচনা চলছে। সমাজমাধ্যমে ধারাবাহিকের কাহিনি নিয়ে সমালোচনাও হয়েছে। গত সপ্তাহে প্রথম পাঁচে দেখা গেলেও, চলতি সপ্তাহে ছিটকে গেল এই ধারাবাহিক। বরং অনেক দিন বাদে প্রথম পাঁচে উঠে এল ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। এই কাহিনি যখন শুরু হয়েছিল, সেই সময়ে এক বারই প্রথম পাঁচে দেখা গিয়েছিল পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিকের নাম। তার পরে সে ভাবে আলোচনায় দেখা যায়নি।
তবে চলতি সপ্তাহে ‘পরিণীতা’ ধারাবাহিকের নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়েও আলোচনা হয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়েছিল পারুল এবং রায়ানের মাটি খুঁড়ে তার তলায় থাকার দৃশ্য। এত আলোচনার পরেও টিআরপি তালিকায় শীর্ষে দেখা গেল ‘পরিণীতা’র নাম। ৬.২ পেয়ে প্রথম স্থানে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে দেখা গেল ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক। গত সপ্তাহ থেকেই প্রথম পাঁচের উপরের দিকে ছিল এটি। ৫.৮ পেয়েছে নিশা আর উজির কাহিনি। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটিও।
‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেও চলছে টানটান উত্তেজনা, যা দর্শকের নজর কেড়েছে। সেই প্রভাবই দেখা গেল টিআরপি-তে। তারা পেয়েছে ৫.৭। রয়েছে তৃতীয় স্থানে। এত রদবদল হলেও ‘ও মোর দরদিয়া’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’ দুই ধারাবাহিক টানা নিজেদের জায়গা ধরে রেখেছে। ৫.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতির কাহিনি। পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৩।