হাসপাতাল থেকে ফেরার পরেই ছক্কা নিশার। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে পুলিশ অফিসার জিৎ-এর সঙ্গে নিশার প্রেমের কাহিনি উপভোগ করছে দর্শক। অন্য দিকে উত্তেজনাও রয়েছে চোর-পুলিশের সমীকরণ নিয়ে। চলতি সপ্তাহের টিআরপি-তে এই সমীকরণেই বাজিমাত দুই বোনের ধারাবাহিকের। আগের চেয়ে নম্বরও বেড়েছে অনেকটা।
৫.২ পেয়ে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘প্রতীজ্ঞা’। নতুন শুরু হলেও এই কাহিনি যে দর্শকের নজর কাড়ছে তা সমাজমাধ্যমের প্রতিক্রিয়ায় স্পষ্ট। অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভীকা মালাকারের সমীকরণ ভাল লাগছে সকলের। সেই প্রতিফলনই দেখা গেল টিআরপি-তে। ৪.৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই কাহিনি। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আরও দুই কাহিনি। ‘গঙ্গা’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকও একই স্থানে রয়েছে। তারাও পেয়েছে ৪.৮।
আগের স্থান হারিয়েছে ‘পরিণীতা’। একটা সময় টানা প্রথম স্থানে দেখা গিয়েছিল এই কাহিনিকে। এ বার পারুল-রায়ানকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে নতুন শুরু হওয়া কাহিনিগুলো। এই সপ্তাহে ৪.৭ পেয়ে তৃতীয় স্থানে আছে ‘পরিণীতা’। চতুর্থ স্থানেও এই সপ্তাহে একগুচ্ছ কাহিনির নাম দেখা যাচ্ছে। যদিও প্রায় সব কাহিনিই পরস্পরের থেকে অল্প এগিয়ে পিছিয়ে।
আরও পড়ুন:
মাত্র দুই নম্বরের ব্যবধানে রয়েছে আরও তিন ধারাবাহিক—‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘তারে ধরি ধরি মনে করি’ এবং ‘কুসুম’। তারা পেয়েছে ৪.৬। প্রতি দিন সন্ধ্যা সাতটায় সম্প্রচারিত হয় ‘কুসুম’। এই সপ্তাহ থেকে আবার সেই সময়েই দেখানো শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ফলে নম্বর একটু এ দিক ও দিকও হয়েছে। পঞ্চম স্থানে এই সপ্তাহে রয়েছে ‘কনে দেখা আলো’। এই সপ্তাহে তারা পেয়েছে ৪.২।