বলিপাড়ার অন্দরে কত কিছুই যে ঘটে! ক্যামেরার সামনে ক’দিন আগেও যাঁদের সুখী দম্পতি মনে হয়েছে, তাঁদের সম্পর্কেই হঠাৎ ভাঙনের গুঞ্জন। আলোচনায় মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। যদিও মৌনী বলেছেন, ‘‘এই মুহূর্তে সকলের কাছে গোপনীয়তা প্রার্থনা করছি।’’ অনেকেরই দাবি, সূরজ নাকি ঠকিয়েছেন মৌনীকে। তবে তাঁদের ঘনিষ্ঠমহলের তরফে শোনা যাচ্ছে অন্য কথা।
আরও পড়ুন:
চলতি সপ্তাহের শুরুতে মৌনী ও তাঁর স্বামীর বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের দাবি, মৌনী ও তাঁর স্বামী নাকি গত ছ’মাস ধরে আলাদা থাকছেন। তবে এখনও নাকি বিচ্ছেদে আইনি সিলমোহর পড়েনি। সমাজমাধ্যমে সূরজের সঙ্গে বিয়ের ছবি সরিয়ে দিয়েছেন নায়িকা, তাতেই গুঞ্জন শুরু। শুধু তা-ই নয়, এ সবের মাঝে সমাজমাধ্যম থেকে নিজের পাতা নিষ্ক্রিয় করে দেন সূরজও। যার ফলে জোরদার হয় জল্পনা। অনেকেই বলা শুরু করেন, সূরজ শুধু মৌনীর সঙ্গে প্রতারণাই নয়, অভিনেত্রীর টাকা নিয়েও নয়ছয় করেছেন।
তবে এ নিয়ে মৌনীর ঘনিষ্ঠদের দাবি অন্য। তাঁদের কথায়, মৌনী-সূরজের সম্পর্ক নাকি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’ ছবির বাস্তব চিত্র। মৌনীকে বিয়ে করার পর থেকেই নাকি সূরজ মনে করতে শুরু করেন যে, সামাজিক পরিসরে তাঁর গুরুত্ব কমেছে। সেখান থেকেই মনোমালিন্য ও সম্পর্কে দূরত্ব। তবে সত্যিই কি তাঁরা বিচ্ছেদের পথে হাঁটবেন? নাকি ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন? তা অবশ্য সময় বলবে।