Advertisement
E-Paper

গভীর ঘুমের অপেক্ষায় রাত কাবার! যখন-তখন ঘুমোনোর ‘শর্টকাট’ ৩টি নিদ্রার ব্যায়াম

চোখ বন্ধ করলেই ঘুম আর খুললে মনে হবে দূর হয়েছে যাবতীয় ক্লান্তি। নতুন উদ্যমে নতুন দিনের মুখোমুখি হওয়ার জন্য তৈরি আপনি। এমন ঘুম শেষ কবে ঘুমিয়েছেন মনে করে বলতে পারবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:৩৫

ছবি: সংগৃহীত।

নিশ্চিন্ত ৬-৭ ঘণ্টার ঘুম। যে ঘুমে কোনও ব্যাঘাত নেই। নেই অস্বস্তি কিংবা বিছানায় শুয়ে এ পাশ ও পাশ করার যন্ত্রণা। রাতে চোখ বন্ধ করলেই ঘুমের দেশে। আর চোখ খুললেই তরতাজা বোধ করবেন। মনে হবে দূর হয়েছে যাবতীয় ক্লান্তি। নতুন উদ্যমে নতুন দিনের মুখোমুখি হওয়ার জন্য তৈরি আপনি। এমন ঘুম শেষ কবে ঘুমিয়েছেন মনে করে বলতে পারবেন? হয়তো পারবেন না। কারণ, এই ব্যস্ততা আর নানা রকমের চাপের জীবনে তেমন ঘুম বড় একটা সহজলভ্য নয়। সর্ব ক্ষণই নানা চিন্তায় সচকিত স্নায়ুতন্ত্রকে ঘুম পাড়াতে হয়। আর সেই কঠিন কাজটিকে সহজ করতে পারে তিনটি ঘুমের ব্যায়াম। এক যাপন প্রশিক্ষক জোহানেস এগবার্টস শিখিয়েছেন সেই ব্যায়াম। তাঁর পরামর্শ, ঘুমোতে যাওয়ার আগে এই তিনটি ব্যায়াম ১ মিনিট করে করলেই স্নায়ুতন্ত্র পুরোপুরি শান্ত হবে। নিস্তেজ হবে। যা ভাল এবং গভীর ঘুমের জন্য জরুরি।

১। বাটারফ্লাই হাগ

হাতদু’টিকে বুকের উপর দিয়ে আড়াআড়ি রাখুন। যেন নিজেকে নিজেই জড়িয়ে ধরেছেন এমন ভাবে। কাঁধের ঠিক নীচে হাতের তালু দিয়ে হালকা হাতে চাপড় মারুন। এক বার বাঁ দিকে, এক বার ডান দিকে। খুব দ্রুত নয়। ধীর লয়ে। চেষ্টা করুন যতটা সম্ভব ধীরে করতে। ৬০ সেকেন্ড ধরে এটি করলে স্নায়ুতন্ত্রের যাবতীয় অস্বাচ্ছন্দ্য আবার ছন্দে ফিরবে। শান্ত হবে। গভীর ঘুমের উপযুক্ত হবে।

২। স্পাইনাল রোটেশন

পা মুড়ে বসে কোমর থেকে শরীরের ঊর্ধ্বাঙ্গ বৃত্তাকারে ঘোরান যাতে মেরুদণ্ডও সেভাবেই ঘোরে। সামান্য সামনে ঝুঁকে শরীরটাকে ঘুরিয়ে আবার সোজা হোন। পিছন দিকে হেলবেন না। এ ভাবে ১ মিনিট করলে মস্তিষ্ক আরাম পাবে। সারা দিনের যে সমস্ত বাড়তি চাপ শরীরে জাঁকিয়ে বসে থাকে, তা থেকে মুক্তি পাবে মাথা। যা ভাল ঘুমের জন্য দরকার।

৩। ব্রেন স্পটিং

আসলে চোখ-মাথা আর ঘাড়ের ব্যায়াম। এই ব্যায়ামটিও করতে হবে পা মুড়ে সোজা হয়ে বসে। প্রথমে ডান হাতের তর্জনী বাঁ চোখের সামনে রাখুন। তর্জনীর দিকে তাকিয়ে থাকুন। তার পরে ধীরে ধীরে হাত সমেত আঙুল কৌণিক রেখা বরাবর ডান দিকের ঊরু পর্যন্ত নামান। এই প্রক্রিয়ায় সমানে আঙুলের দিকে তাকিয়ে থাকতে হবে। এর পরে একই ভাবে ডান দিকের চোখের সামনে থেকে বাঁ হাত নামান বাঁ দিকের ঊরু পর্যন্ত। এ ক্ষেত্রেও একই ভাবে তাকিয়ে থাকতে হবে আঙুলের দিকে। চেষ্টা করুন চোখের পাশাপাশি ঘাড় আর মাথাও আঙুল অনুসরণ করে নামাতে। এই ব্যায়ামে চেপে থাকা আবেগ প্রকাশ পেতে পারে, শরীরে জমে থাকা টেনশন বা উত্তেজনা মুক্ত হতে পারে।

Sleep Tips Sleeping
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy