Advertisement
E-Paper

শুধু রোদ নয়, গরমের দিনে অন্য ৭ কারণেও বাড়তে পারে মাইগ্রেনের যন্ত্রণা

ওষুধ বা প্রয়োজনীয় সাবধানতা না নিলেই যে মাইগ্রেনের ব্যথা বাড়ে, এমন ধারণা ভুল। বরং আমাদের রোজের অনেক অভ্যাসের উপরেও নির্ভর করে এ ব্যথার প্রকোপ বাড়বে কি না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৩:১৪
মাইগ্রেন থাকলে গরমের দিনে সাবধান।

মাইগ্রেন থাকলে গরমের দিনে সাবধান। ছবি: সংগৃহীত।

রোদ থেকে ফিরেই প্রচণ্ড মাথা যন্ত্রণা, সঙ্গে গা গোলানো, হালকা জ্বর। এই লক্ষণগুলি মাইগ্রেনের রোগীদের কাছে নতুন নয়। একটানা বেশ ক’দিন থাকার কারণে এই ব্যথা শরীর কাবু করে দেয়। গরমের মরসুমে এই সমস্যা যেন আরও বাড়ে। মাইগ্রেন জিনঘটিত রোগ। পরিবারের কারও থাকলে, হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কের ট্রাইজেমিনাল স্নায়ু উত্তেজিত হলে এই ব্যথা হয়। সেরেটোনিন নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলেও এই ব্যথা হয় বলে মত চিকিৎসকদের। ওষুধ বা প্রয়োজনীয় সাবধানতা না নিলেই যে মাইগ্রেনের ব্যথা বাড়ে, এমন ধারণা ভুল। বরং আমাদের রোজের অনেক অভ্যাসের উপরেও নির্ভর করে এ ব্যথার প্রকোপ বাড়বে কি না।

গরমের দিনে কোন কোন ভুলে বেড়ে যায় মাইগ্রেনের যন্ত্রণা?

১) গ্রীষ্মের দিনে ঘামের সঙ্গে প্রচুর মাত্রায় জল শরীর থেকে বেরিয়ে যায়। দিনে অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার জল কিন্তু খেতেই হবে। সঙ্গে জল বেশি মাত্রায় রয়েছে, এমন সব্জি ও ফল ডায়েটে রাখুন। বাইরে বেরোলেই ব্যাগে জলের বোতল রাখতে ভুলবেন না। শরীর খারাপ লাগলেই ছায়ায় বসে অল্প অল্প করে জল খান। মাঝেমধ্যে দইয়ের ঘোল, লস্যি, ফলের রসও খেতে পারেন।

২) খাদ্যাভ্যাসে বদল আনলে মাইগ্রেন নিয়ন্ত্রণ করা যায়। যাঁদের মাইগ্রেন রয়েছে তাঁদের কফি, চকোলেট, রেড ওয়াইন‌, ড্রাই ফ্রুটস, চিজ জাতীয় খাবারও এড়িয়ে চলাই ভাল। পরিবর্তে বেশি করে ফল ও শাকসব্জি খেতে হবে।

৩) রোদ থেকে বাঁচতে টুপি ও রোদচশমা অবশ্যই ব্যবহার করুন। চোখে সরাসরি সূর্যের আলো পড়লে মাইগ্রেনের ব্যথা আরও বেড়ে যায়। তাই সতর্ক থাকুন।

৪) রোদ থেকে বাড়ি ফিরেই গরমের অস্বস্তিবোধ কমাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা অত্যধিক মাত্রায় কমিয়ে রাখেন অনেকে। এই অভ্যাস কিন্তু মোটেও ভাল নয়। এসির তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রিতে মধ্যেই রাখা ভাল। নইলে বাড়তে পারে মাইগ্রেনের ব্যথা।

৫) ইউক্যালিপটাস অয়েল, মিন্ট অয়েল দিয়ে মাথায় মালিশ করলে মাইগ্রেনের ব্যথায় আরাম পাওয়া যায়। পাশাপাশি আরও যে উপসর্গ থাকে, তা-ও কম হয়।

৬) খালি পেটে থাকলেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। গরমের দিনে খুব বেশি খেতে ইচ্ছে না করলেও হালকা খাবার কিংবা গোটা ফল সঙ্গে রাখুন।

৭) অতিরিক্ত চিনি আছে, এমন খাবার এড়িয়ে চলুন। রক্তে চিনির পরিমাণ বাড়লে মাইগ্রেনের ব্যথা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। মিষ্টি জাতীয় কিছু খেতেই পারেন মাঝেমাঝে, তবে পরিমাণে কম।

গরমের দিনে কোন কোন বিষয় সতর্ক না হলে মাইগ্রেনের ভোগান্তি বাড়বে?

Migraine Summer Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy